ঢাকায় নেতৃত্ব সম্মেলন হবে শনিবার
ঢাকায় হোটেল র্যাডিসনে আগামী শনিবার অনুষ্ঠিত হচ্ছে তৃতীয় লিডারশিপ সামিট বা নেতৃত্ব সম্মেলন-২০১৪। এ সম্মেলনের আয়োজন করছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ)। এবারের প্রতিপাদ্য হলো ‘রূপান্তরের বিনির্মাণ’।
আয়োজকেরা জানান, দেশে শিল্পোন্নয়ন সম্ভাবনার নতুন অধ্যায় উন্মোচন ও করপোরেট খাতকে অনুপ্রাণিত করতে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে উন্নয়ন বিষয়ে প্যানেল আলোচনাসহ ছয়টি অধিবেশন থাকবে, যেগুেলোতে কৌশলগত নেতৃত্ব, বাংলাদেশ নাও (এখন বাংলাদেশ) প্ল্যাটফর্ম চালু নিয়ে আলোচনা করা হবে।
বিভিন্ন অধিবেশনে উপস্থিত থাকবেন বাংলাদেশের ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিবেক সুদ, রেকিট বেনকিজারের থাইল্যান্ড, ফিলিপাইন ও ইন্দো-চীনের ব্যবস্থাপনা পরিচালক আতা সাফদার, ফিলিপাইনের মানবসম্পদ উন্নয়ন প্রশিক্ষক বেথ ম্যাকডোনাল্ড প্রমুখ। বিজ্ঞপ্তি।