ঢাকায় পর্যটন মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশি-বিদেশি বিভিন্ন গন্তব্যে ভ্রমণে বিভিন্ন ধরনের সুযোগ ও ছাড় নিয়ে ঢাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘বেস্ট এয়ার-মনিটর ঢাকা ট্রাভেল মার্ট-২০১১’ শীর্ষক একটি আন্তর্জাতিক পর্যটন মেলা। বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদের গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন। দেশের শীর্ষস্থানীয় ভ্রমণবিষয়ক পাক্ষিক দ্য বাংলাদেশ মনিটর অষ্টমবারের মতো এ মেলার আয়োজন করছে। বেসরকারি বিমান সংস্থা বেস্ট এয়ার এবং ইস্টার্ন ব্যাংক যথাক্রমে টাইটেল স্পন্সর ও ব্যাংকিং পার্টনার হয়েছে।রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুল করিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন ঢাকা ট্রাভেল মার্টের চেয়ারম্যান ও দ্য বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম। আরও বক্তব্য দেন বেস্ট এয়ারের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল আমিন ও দ্য বাংলাদেশ মনিটর-এর প্রধান সম্পাদক রকিব সিদ্দিকী।প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী জি এম কাদের বলেন, দেশের পর্যটনশিল্পের প্রচুর সম্ভাবনা রয়েছে। এ শিল্পের উন্নয়নে দেশে-বিদেশে প্রচারণা চালানো হবে। তিনি আরও বলেন, পর্যটনশিল্পের উন্নয়নে অবকাঠামোগত নানা অসুবিধা রয়েছে। তার পরও আগামী পাঁচ বছরের মধ্যে ভ্রমণকারীর সংখ্যা ১০ লাখে উন্নীত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তিনি দেশের পার্বত্য এলাকায় ‘ইকো-ট্যুরিজম’ গড়ে সরকারি-বেসরকরি অংশীদারের (পিপিপি) আওতায় বিদেশি উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান জানান। কাজী ওয়াহিদুল আলম বলেন, মেলায় স্বাগতিক বাংলাদেশসহ সাতটি দেশের ৫০টি সংস্থা অংশ নিচ্ছে। যার মধ্যে রয়েছে জাতীয় পর্যটন সংস্থা, বিমান সংস্থা, ট্রাভেল এবং ট্যুর অপারেটর, হোটেল এবং রিসোর্ট ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। অংশগ্রহণকারী সংস্থাগুলো মেলা চলাকালীন দর্শণার্থীদের জন্য হ্রাসকৃত মূল্যে বিমান টিকিট, আকর্ষণীয় ট্যুর প্যাকেজসহ বিভিন্ন সেবা উপস্থাপন করছে।মেলা আগামীকাল শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। প্রবেশ মূল্য রাখা হয়েছে জনপ্রতি ২০ টাকা। প্রবেশ কুপনের ওপর র্যাফল ড্রর ব্যবস্থা রয়েছে। যা মেলার শেষ দিন উপস্থিত সবার সামনে অনুষ্ঠিত হবে। র্যাফল ড্র পুরস্কারের মধ্যে রয়েছে দেশ-বিদেশের বিভিন্ন গন্তব্যে বিমান টিকিট ও ট্যুর প্যাকেজ, তারকাবিশিষ্ট হোটেলে প্রাতরাশসহ রাতযাপন, লাঞ্চ ও ডিনার কুপন ইত্যাদি।বিমান ভ্রমণে ছাড়: ঢাকা ট্রাভেল মার্ট উপলক্ষে বিশেষ ছাড়ে টিকিট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সব ধরনের করসহ ঢাকা-দিল্লি-ঢাকার ভাড়া ২৬ হাজার ৫৩৫ টাকা, ঢাকা-করাচি-ঢাকার ভাড়া ২৯ হাজার ৬৭৫ টাকা, ঢাকা-ব্যাংকক-ঢাকার ভাড়া ২৫ হাজার ৬০ টাকা, ঢাকা-হংকং-ঢাকা ৩০ হাজার ৯৯০ টাকা, ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা ২৩ হাজার ৫৮০ টাকা, ঢাকা-কলকাতা-ঢাকা নয় হাজার ১৫০ টাকা, ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা ২৮ হাজার ৭১০ টাকা, ঢাকা-কাঠমান্ডু-ঢাকা ১৫ হাজার ৩১০ টাকা এবং চট্টগ্রাম-ব্যাংকক-চট্টগ্রামের ভাড়া ২৫ হাজার ৬০ টাকা।বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) খান মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, ঢাকা ট্রাভেল মার্ট উপলক্ষে বিমানের নয়টি গন্তব্যে ২৫ শতাংশ হ্রাসকৃত মূল্যে টিকিট বিক্রি করা হচ্ছে। এসব গন্তব্যে বাংলাদেশ বিমান ভ্রমণে যাতে যাত্রীরা আরও উৎসাহিত হয়, সে জন্য প্রতিবারের মতো এবারও বিমান নানা উদ্যোগ নিয়েছে ট্রাভেল মার্টে।