ঢাকায় পর্যটন মেলা শুরু কাল
রাজধানীর সোনারগাঁও হোটেলে ৩০ মার্চ শুরু হতে যাচ্ছে ‘ঢাকা ট্রাভেল মার্ট’ নামে তিন দিনের আন্তর্জাতিক পর্যটন মেলা। চতুর্দশবারের মতো এ মেলার আয়োজন করেছে ভ্রমণবিষয়ক পাক্ষিক দি বাংলাদেশ মনিটর। মেলার উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
মেলা উপলক্ষে বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ার এবং রাষ্ট্রীয় বিমান সংস্থা বাংলাদেশ বিমান তাদের বিভিন্ন গন্তব্যে যথাক্রেম ১৫ ও ২০ শতাংশ বিশেষ মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে। গতকাল মঙ্গলবার মেলা উপলক্ষে সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ছাড়ের ঘোষণা দেওয়া হয়।
মেলার আয়োজকেরা জানান, তিন দিনের এ মেলায় দেশি-বিদেশি ৫০টির বেশি পর্যটন ও ভ্রমণবিষয়ক প্রতিষ্ঠান অংশ নেবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আয়োজক কমিটির চেয়ারম্যান ও মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী নাসির উদ্দীন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান অপরূপ চৌধুরী, ইউএস বাংলা এয়ারলাইনসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিক ও বাংলাদেশ বিমানের উপমহাব্যবস্থাপক আবু তাহের।
আয়োজকেরা জানান, ৩০ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলায় প্রবেশে জনপ্রতি প্রবেশ টিকিটের মূল্য ৩০ টাকা।