ঢাকায় পাঁচ দিনের মুঠোফোন ও টেলিযোগাযোগ মেলা
আগামী ২৩ এপ্রিল থেকে ঢাকায় শুরু হচ্ছে পাঁচ দিনের মুঠোফোন, টেলিকম ও আইসিটি মেলা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলা অনুষ্ঠিত হবে।মেলার আয়োজন করছে যৌথভাবে বাংলাদেশ মোবাইল ফোন ব্যবসায়ী অ্যাসোসিয়েশন (বিএমবিএ) এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। এতে সহযোগিতা করছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।আয়োজকেরা জানিয়েছেন, মেলায় ক্রেতারা বিশেষ ছাড়ে মুঠোফোন, টেলিফোন, ইন্টারনেট সেবাসহ বিভিন্ন পণ্য কিনতে পারবেন।মেলা আয়োজন উপলক্ষে মতিঝিলে ফেডারেশন ভবনে গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিএমবিএর সভাপতি মো. নিজাম উদ্দিন।সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশে এখন প্রায় ১০ কোটি মানুষ মুঠোফোন ব্যবহার করছেন। নতুন করে আরও দেড় কোটি গ্রাহক মুঠোফোনের সংযোগ নেবেন। দেশের মোট টেলিফোনের ৯৯ শতাংশই এখন মুঠোফোন।মেলায় মোবাইল সেট বিক্রেতা প্রতিষ্ঠান, অপারেটর, ইন্টারনেট সেবাদানকারী, সফটওয়্যার সেবাদানকারী, অনলাইন ব্যাংকিং, ই-কমার্স, কম্পিউটার, ল্যাপটপ তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেবে।নিজাম উদ্দিন বলেন, ২০১২ সালে দেশে এক কোটি ৬০ লাখ মুঠোফোন আমদানি হয়েছে। এর বাইরে বিপুলসংখ্যক মুঠোফোন অবৈধপথে দেশে ঢুকছে।বিএমবিএর সভাপতি বলেন, ‘আমরাও চাই এ দেশে মুঠোফোন তৈরি করতে। কিন্তু কাঁচামালের শুল্কহার আমাদের উদ্যোগী হতে দিচ্ছে না।’ তিনি জানান, বর্তমানে মুঠোফোনের কাঁচামাল আমদানিতে শুল্কহার ৫০ শতাংশের বেশি। এ হার কমিয়ে তিনি ২ শতাংশ করার দাবি জানান।মেলায় প্রবেশমূল্য রাখা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য ২০ টাকা এবং ছোটদের জন্য ১০ টাকা। সংবাদ সম্মেলনে বিটিআরসির সাবেক চেয়ারম্যান মার্গুব মোর্শেদ, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের সভাপতি আখতারুজ্জামান, এফবিসিসি-আইয়ের সাবেক সহসভাপতি আবুল কাশেম, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের সহকারী সচিব মাহবুব হাসান প্রমুখ বক্তব্য দেন।