রাজধানী ঢাকায় পাতালরেল চালুর এখনো সময় আসেনি বলে মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, মাথাপিছু আয় একটা পর্যায় পর্যন্ত না পৌঁছালে পাতালরেল চালু যথার্থ হয় না। ঢাকায় পাতালরেল চালু হলে নগরের মাত্র পাঁচ শতাংশ মানুষ এ সুবিধা পাবে। গরিবেরা বর্তমানে যে পরিমাণ কষ্ট ও দুর্ভোগে রয়েছে, পাতালরেল চালু হলে তা কমবে না। কলকাতায় পাতালরেল করতে ১৭ বছর সময় লেগেছে বলে উল্লেখ করে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, এর জন্য সার্বক্ষণিক বিদ্যুত্ লাগে। তবে কলকাতায় তা সম্ভব হলেও ঢাকায় সম্ভব নয়। কারণ, ঢাকায় পাতালরেল করতে হলে সব অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকবে। আর ঢাকায় তা বন্ধ থাকা মানে সারা দেশেই বন্ধ থাকা। বেসরকারি গবেষণা সংস্থা পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) আয়োজিত ‘বাংলাদেশে নগরায়ণের আর্থসামাজিক অবস্থা ও নীতি চ্যালেঞ্জ’ শীর্ষক সমীক্ষা প্রকাশ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভার সমাপনী অধিবেশনে ওয়াহিদউদ্দিন মাহমুদ এ কথা বলেন। গতকাল মঙ্গলবার রাজধানীর এলজিইডি মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পিপিআরসির নির্বাহী পরিচালক ও সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান এতে স্বাগত বক্তব্য দেন। আলোচনায় আরও অংশ নেন মেজর জেনারেল (অব.) গোলাম কাদের, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান নজরুল ইসলাম, জুনায়েদ আহমেদ, আমিরুল ইসলাম চৌধুরী, জাহিদ খান, এন আই নিজাম প্রমুখ।ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ঢাকার রাস্তায় বিনা পয়সায় গাড়ি ব্যবহার করছে ধনীরা। যত্রতত্র গাড়ি রাখা হচ্ছে। বিশ্বের কোথাও এ রকম নজির নেই। অন্যান্য দেশে হাইওয়ের ওপরে কেন, হাইওয়ের আশপাশেও দোকানপাট বা অন্য কোনো স্থাপনা করা যায় না। বাংলাদেশেই ঘটছে এর ব্যতিক্রম। এই যদি হয় নিয়মকানুনের অবস্থা, তাহলে কীভাবে নগরায়ণ হবে বলে তিনি প্রশ্ন তোলেন। ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ঢাকায় পুঞ্জীভূত। আর নগরায়ণের চরম দৃষ্টান্তও এই ঢাকা। সুবিধা থেকে যে অসুবিধারও সৃষ্টি হয়, ঢাকা তার সেরা উদাহরণ। ঢাকার কত নাগরিকের জন্য সুবিধা দেওয়া হবে তার কোনো পরিকল্পনা বা হিসাব করা হয়নি কখনো।’ ওয়াহিদউদ্দিন মাহমুদ ব্যাখ্যা করে বলেন, বাংলাদেশের নগরায়ণ মানে সারা দেশেরই সমস্যা। নগরায়ণ কি সারা দেশে হবে, না রাজশাহী, খুলনাসহ অন্যান্য এলাকায় হবে, তাও ঠিক করতে হবে। সাবেক উপদেষ্টা বলেন, মুহূর্তের লাভক্ষতি বিবেচনা করে তৈরি পোশাকশিল্প (আরএমজি) খাতের কারখানাগুলো নগরেই গড়ে তোলা হয়েছে। বর্তমান বাস্তবতায় দেখা যাচ্ছে, ওই পরিকল্পনা দীর্ঘমেয়াদি ছিল না। সমস্যাটা হয়েছে ওখানেই।সাবেক উপদেষ্টা বলেন, নগরায়ণের চেয়েও বড় ব্যাপার হলো উন্নয়ন দরকার। আর উন্নয়নের জন্য দরকার বিকেন্দ্রীকরণ। বিকেন্দ্রীকরণ না হলে টেকসই উন্নয়ন হবে না, বৈষম্যও কমবে না।পিপিআরসির নির্বাহী পরিচালক হোসেন জিল্লুর রহমান বলেন, নগরায়ণ নিয়ে অন্যতম সমস্যা হলো নীতিনির্ধারকেরা এ ব্যাপারে উত্সাহী নন। নগর-দারিদ্র্য দূর করা এবং নগর-উন্নয়নের সুদূরপ্রসারী চিন্তা করা থেকে সরকার দূরে দূরে থাকে।