ঢাকায় বসছে প্রথম বিশ্ব বিপণন সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপণনের মাধ্যমে উন্নত বিশ্ব গড়ে তোলার লক্ষ্য নিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম বিশ্ব বিপণন সম্মেলন (ওয়ার্ল্ড মার্কেটিং সামিট)। আগামী ১ মার্চ শুরু হওয়া তিন দিনের এই আন্তর্জাতিক আয়োজন চলবে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর এবং উদ্ভাবনী সমাধান বের করতে বিপণন-দর্শন, নীতি-নৈতিকতা এবং দূরদৃষ্টি কীভাবে ভূমিকা রাখতে পারে, সে বিষয়েই আলোচনা হবে এই আন্তর্জাতিক সম্মেলনে।বিশ্বব্যাপী বিপণনশাস্ত্রের গুরু হিসেবে খ্যাত ফিলিপ কটলারের উদ্যোগে প্রতিষ্ঠিত গ্লোবাল ওয়ার্ল্ড সামিট লিমিটেডের উদ্যোগে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় এই বিপণন সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।আয়োজকেরা বলছেন, এই সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে বিপণন-কৌশলের মাধ্যমে বিশ্বব্যাপী যোগাযোগ সৃষ্টি করা, যেন তা মানুষের আচরণ পরিবর্তনে ভূমিকা রাখে এবং এর মধ্য দিয়ে সমাজ ও জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন ঘটে।সম্মেলনে পরিবর্তিত বিশ্বব্যবস্থায় বিপণন-কৌশলকে কীভাবে আরও কার্যকর ও উন্নত করা যায়, সে বিষয়ে আলোচনা হবে। আলোচনা করবেন দেশ-বিদেশের বিপণন বিশেষজ্ঞরা। সেদিক থেকে এই সম্মেলন হয়ে উঠবে বিপণন বিশেষজ্ঞদের একটি প্ল্যাটফর্ম।এ সম্মেলন নিয়ে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, মূলত দুটি বিষয়কে চিন্তা করে এই সম্মেলনের আয়োজন। প্রথমত, বিপণনের মাধ্যমে কীভাবে একটি উন্নত বিশ্ব গড়ে তোলা যায়। দ্বিতীয়ত, বিপণন কীভাবে সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে ও পরিবর্তিত পরিস্থিতিতে বিপণন কেমন হওয়া উচিত।শরিফুল ইসলাম জানান, প্রথম দুই বছর বাংলাদেশে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। তারপর আবার ২০২০-২১ সালে বাংলাদেশে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামী এক বছর সম্মেলনভিত্তিক কার্যক্রম কীভাবে চলবে, সেটা এ সম্মেলনে ঠিক করা হবে বলে জানান তিনি।প্রথমবারের মতো অনুষ্ঠিত এই আন্তর্জাতিক সম্মেলনে কেন বাংলাদেশকে বেছে নেওয়া হলো? গ্লোবাল ওয়ার্ল্ড সামিট লিমিটেড এই প্রশ্নটির উত্তর দিয়েছে এভাবে, ‘বাংলাদেশ তৃতীয় বিশ্বের দেশগুলোকে প্রতিনিধিত্ব করে। দেশটি গত এক দশকে বেশ ভালো উন্নতি করেছে এবং এই অগ্রগতি এসেছে মূলত বেসরকারি খাত থেকে। তা ছাড়া বাংলাদেশের আছে বিশাল জনসংখ্যা, যারা এমন একটি সম্মেলনকে সফল করতে পারে।’গ্লোবাল ওয়ার্ল্ড সামিট লিমিটেডের মূল কার্যালয় কানাডায় হলেও কার্য পরিচালনার জন্য বাংলাদেশের গুলশানেও একটি কার্যালয় খোলা হয়েছে।গত বছরের ২৩ নভেম্বরে সংবাদ সম্মেলন এই বিপণন সম্মেলন অনুষ্ঠানের ঘোষণা দেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। তিনি সেদিন বলেছিলেন, এখন সময় এসেছে বাজারের আচরণ উন্নত করতে বিপণনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার, যেন তা ব্যবসায়ী ও ভোক্তা উভয়ের স্বার্থ রক্ষায় ভারসাম্য আনতে সক্ষম হয়।পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছিলেন, ‘বাংলাদেশকে এই সম্মেলন অনুষ্ঠানের জন্য নির্বাচন করায় আমরা খুশি। এটা বাংলাদেশের সমৃদ্ধি ও সম্ভাবনাকে বিশ্বের কাছে তুলে ধরার সুযোগ তৈরি করবে।’তিন দিনের এ সম্মেলনে সাধারণ ও ইনকিউবেটর প্লিনারি অধিবেশন এবং তারকা বক্তা অধিবেশন থাকবে। এ ছাড়া বিপণন প্রদর্শনী, বিভিন্ন ধারণার প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থাও সম্মেলনে থাকছে।সম্মেলনের একটি বিশেষ দিক হচ্ছে ইনকিউবেটর, যা মূলত গবেষণা পরিচালনার জন্য কাজ করবে। পরীক্ষামূলকভাবে সাতটি ইনকিউবেটর ঠিক করা হবে। আগ্রহী দেশের একটি বিশ্ববিদ্যালয় ইনকিউবেটর হিসেবে কাজ করবে। এসব ইনকিউবেটর কোনো একটি ধারণা নিয়ে বিপণনের প্রেক্ষাপট থেকে এক বছর কাজ করবে। সেটা তদারকি করবে আরেকটি ইনকিউবেটর। পরীক্ষামূলক এ কাজের ফলাফল আগামী বিপণন সম্মেলনে উপস্থাপন করা হবে। সবগুলো ইনকিউবেটরের সমন্বয়কারী হিসেবে কাজ করবে বাংলাদেশ।আয়োজকেরা জানান, বিশ্বের ৬০ জনের বেশি বিশেষজ্ঞ এই সম্মেলনে আসবেন। ফিলিপ কটলার ছাড়াও এই দলে থাকছেন যুক্তরাষ্ট্রের সোশ্যাল মার্কেটিং ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক অ্যালান অ্যান্ড্রেসান, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার অধ্যাপক লেফিভব্রে, নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির অধ্যাপক ডন ই শুলজ, সুইডেনের স্টকহোম ইউনিভার্সিটির অধ্যাপক এভার্ট গুমেসন, যুক্তরাজ্যের ইনস্টিটিউট অব সোশ্যাল মার্কেটিংয়ের প্রতিষ্ঠাতা পরিচালক জেরার্ড হাস্টিংস, ওয়ার্ল্ড মার্কেটিং অ্যাসোসিয়েশনের সভাপতি হারমাওয়ান কার্টাজেয়া, যুক্তরাজ্যের স্ট্র্যাটেজিক সোশ্যাল মার্কেটিংয়ের সিইও জেফ ফ্রেঞ্চ, যুক্তরাষ্ট্রের সিটি গ্রুপের প্রধান ব্র্যান্ড কর্মকর্তা ডারমুট বোডেন, চীনের গ্রেট ওয়াল হোল্ডিং গ্রুপের চেয়ারম্যান ইয়ওঝোং, কানাডার ম্যাকেনজি-মুহর অ্যান্ড অ্যাসোসিয়েটস ইনকরপোরেশনের সিইও ডাগ ম্যাকেনজি-মুহর, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের অধ্যাপক আব্রাহাম কুশি, পাকিস্তানের মেট্রো করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আফতাব আদমজী প্রমুখ।উল্লেখ্য, এই সম্মেলনের বিস্তারিত জানা যাবে www.worldmarketingsummit.org - এই ওয়েবসাইটে।