ঢাকায় বস্ত্র খাতের তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বস্ত্র ও পোশাকশিল্পে আধুনিক প্রযুক্তি আনয়ন ও গুণগত মান বৃদ্ধির লক্ষ্য নিয়ে চার দিনব্যাপী তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী ঢাকায় শুরু হয়েছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ প্রদর্শনীগুলোয় ১৬টির বেশি দেশের ৪৫০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।গতকাল বুধবার সকালে বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান আনুষ্ঠানিকভাবে একই সঙ্গে ‘১২তম টেক্সটেক’, ‘৯ম ডাইকেম’ ও ‘৫ম ইয়ার্ন ও ফেব্রিক শো’—এই তিনটি আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করেন। যুক্তরাষ্ট্রের সেমস গ্লোবাল-কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস) বাংলাদেশে সহযোগিতায় এ প্রদর্শনীর আয়োজন করেছে।উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক বাজারে তৈরি পোশাক রপ্তানিতে টিকে থাকতে হলে আমাদের তৈরি পোশাকের মান আরও বাড়াতে হবে এবং দক্ষতা অর্জন করতে হবে।’বাণিজ্যমন্ত্রী বলেন, তৈরি পোশাক রপ্তানি করে গত অর্থবছরে এক হাজার ৭৯১ কোটি ডলার আয় হয়েছে, যেখানে মোট রপ্তানি আয় হয়েছে দুই হাজার ৩০০ কোটি ডলার। আর আগামী বছরে মোট রপ্তানির লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে দুই হাজার ৬০০ কোটি ডলার। এই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সরকার ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য কাজ করছে।বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক এ প্রদর্শনীর মধ্য দিয়ে দেশের টেক্সটাইল ও পোশাকশিল্পে অত্যাধুনিক প্রযুক্তি সংযোজনের সুযোগ এনে দিয়েছে।বাংলাদেশ গ্রে অ্যান্ড ফিনিশড ফেব্রিকস ম্যানুফ্যাকচারারস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএফএফএমইএ) সভাপতি মোহাম্মাদ হারুন উর রশিদ বলেন, এ ধরনের প্রদর্শনীর মধ্য দিয়ে দেশের ক্ষুদ্র শিল্পগোষ্ঠীর নতুন প্রযুক্তির সঙ্গে পরিচয় ঘটবে। এখান থেকে বিশ্ববাজারের তুলনায় কম দামে তারা প্রয়োজনীয় যন্ত্রাংশও কিনতে পারবে।উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রথম সহসভাপতি হাবিবুর রহমান, বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সহসভাপতি ফারুক হাসান এবং সেমস গ্লোবালের (ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিক) সভাপতি ও গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন নেসা ইসলাম।আন্তর্জাতিক এ প্রদর্শনীগুলো চলবে ২৩ জুলাই পর্যন্ত। বাণিজ্যিক ও ব্যবসায়ী দর্শনার্থীরা প্রদর্শনী প্রাঙ্গণে নিবন্ধনের মাধ্যমে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিদর্শন করতে পারবেন।