ঢাকায় বস্ত্র খাতের তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী শুরু
বাংলাদেশের বস্ত্র ও পোশাকশিল্পে আধুনিক প্রযুক্তি সংযোজন ও গুণগত মান বাড়ানোর লক্ষ্য নিয়ে ঢাকায় চার দিনব্যাপী তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হয়েছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এসব প্রদর্শনীতে ১০টিরও বেশি দেশের ৪৫০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস্), বাংলাদেশের সহযোগিতায় যুক্তরাষ্ট্রের সেমস্ গ্লোবাল ‘১৩তম টেক্সটেক’, ‘১২ম ডাইকেম’ এবং ‘ষষ্ঠ ইয়ার্ন ও ফেব্রিক শো’ শীর্ষক এই তিনটি আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করেছে। বাণিজ্যমন্ত্রী জি এম কাদের গতকাল মঙ্গলবার বিকেলে প্রদর্শনীগুলোর উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু, বিকেএমইএর সহসভাপতি মোহাম্মদ হাতেম, বিজিএমইএর সহসভাপতি ফারুক হাসান, সেমস্ গ্লোবালের সভাপতি ও গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন নেসা ইসলাম। গতকাল বিকেলে উদ্বোধন হলেও সকাল থেকেই প্রদর্শনীর দ্বার দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। তাঁরা দেশি-বিদেশি স্টলগুলোতে আধুনিক প্রযুক্তি, যন্ত্রপাতি ও বিভিন্ন পণ্যসামগ্রী ঘুরে ঘুরে দেখেন। অনেকে আবার নিজেদের প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও পণ্য সংগ্রহের জন্য ক্রয়াদেশও দেন। প্রদর্শনীতে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো এমব্রয়ডারি মেশিন, মোজা তৈরির যন্ত্র, লেদার অ্যাপলিক কাটিং মেশিন, বিভিন্ন ধরনের ফেব্রিকস, সুতা, এগজস্ট ফ্যান, সেলাই মেশিন, পানির ফিল্টার, আয়রন, প্রিন্টিং মেশিন ইত্যাদি প্রদর্শন করছে। এসব আন্তর্জাতিক প্রদর্শনী আগামী শুক্রবার পর্যন্ত চলবে। আজ বুধবার প্রদর্শনী খোলা থাকবে দুপুর সাড়ে ১২টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত।