ঢাকায় বস্ত্র খাতের প্রদর্শনী শুরু ২৩ ফেব্রুয়ারি
পোশাক ও বস্ত্র খাতের প্রদর্শনী ‘ঢাকা ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস মেশিনারি এক্সিবিশন’ (ডিটিজি) শুরু হচ্ছে ২৩ ফেব্রুয়ারি।
রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চার দিনের এই প্রদর্শনীতে বাংলাদেশ, ভারত, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, কোরিয়া, তাইওয়ান, যুক্তরাজ্য, নেদারল্যান্ডসসহ ৩৩টি দেশের প্রায় হাজারখানেক প্রতিষ্ঠান অংশ নেবে। প্রতিষ্ঠানগুলো স্পিনিং, উইভিং, ডায়িং, প্রিন্টিং, ফিনিশিং, ওয়াশিং টেস্টিং, এমব্রয়ডারি ও অন্যান্য যন্ত্রপাতি প্রদর্শন করবে।
বস্ত্রকল মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ), তাইওয়ানের চ্যান চাও ইন্টারন্যাশনাল এবং হংকংয়ের ইয়োকার্স ট্রেড মার্কেটিং সার্ভিস কোম্পানি যৌথভাবে প্রদর্শনীটির আয়োজন করছে।
বিটিএমএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, এবারে ১৮টি হলে ১ হাজার ২০০ স্টলে পোশাক ও বস্ত্র খাতের আধুনিক যন্ত্রপাতি প্রদর্শন করা হবে। এতে প্রথমবারের মতো এবার বিভিন্ন খ্যাতনামা ব্র্যান্ডের পোশাক ও সরঞ্জাম প্রদর্শিত হবে।