ঢাকায় বাণিজ্য ও পর্যটন মেলা
নবমবারের মতো ঢাকায় এশীয় আন্তর্জাতিক বাণিজ্য ও পর্যটন মেলা শুরু হচ্ছে আগামী বুধবার। পাঁচ দিনব্যাপী এই মেলায় বাণিজ্য, ভোগ্যপণ্য ও পর্যটন সেবা প্রদর্শন করবে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান।
রাজধানীর কুড়িল এলাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় মেলাটি আয়োজন করছে কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড-ইউএসএ (সেমস গ্লোবাল, ইউএসএ)। সেমস বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত এ মেলায় একই সঙ্গে অনুষ্ঠিত হবে ‘লোকজ উৎসব ২০১৫’।
জাতীয় প্রেসক্লাবে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন এন ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সেমস বাংলাদেশের মহাব্যবস্থাপক লুৎফর রহমান ও জ্যেষ্ঠ বিপণন ব্যবস্থাপক আবু নঈম মো. শরিফ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় বাংলাদেশসহ ১০টি দেশের প্রায় ১০০টি প্রতিষ্ঠান অংশ নেবে। এতে ইলেকট্রনিকস, যোগাযোগপ্রযুক্তি, খাদ্য ও পানীয়, স্বাস্থ্যসেবা পণ্য, প্রসাধনসামগ্রী, ফ্যাশন, কারু ও হস্তশিল্প ইত্যাদি পণ্য প্রদর্শন করবে প্রতিষ্ঠানগুলো। অন্যদিকে লোকজ উৎসবে থাকবে পুতুলনাচ, পিঠা, বায়োস্কোপ, ঐতিহ্যবাহী পোশাক ও খাবার, কারুপণ্য এবং আদিবাসী জীবনধারার বিভিন্ন উপকরণ। মেলা প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।