ঢাকায় বিজ্ঞাপন উৎসব ৯ জুন
আগামী ৯ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ ঢাকা বিজ্ঞাপন উৎসব-২০১২।ঢাকা অ্যাডভার্টাজিং ক্লাব চতুর্থবারের মতো ‘লিভিং আইডিয়াস’ শীর্ষক এই উৎসবের আয়োজন করছে। রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠেয় এই বিজ্ঞাপন উৎসবে থাকবে সেমিনার, প্যানেল আলোচনা, প্রদর্শনী, টিভিস স্ক্রিনিংসহ নানা আয়োজন।এবারের বিজ্ঞাপন উৎসবে ২০১১ সালে নির্মিত ও প্রচারিত সেরা বিজ্ঞাপনগুলোর মধ্যে পুরস্কার দেওয়া হবে। চারটি মাধ্যমের ১৭টি ক্যাটাগরিতে দুই দফায় বাছাই করে বিচারকেরা শ্রেষ্ঠ বিজ্ঞাপন নির্বাচিত করবেন। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গতকাল বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকেরা। এতে বিজ্ঞাপন উৎসবের বিস্তারিত তুলে ধরেন ঢাকা অ্যাডভার্টাজিং ক্লাবের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আপন আহসান। এ সময় আরও উপস্থিত ছিলেন ক্লাবের আহ্বায়ক সানাউল আরেফিন, যুগ্ম আহ্বায়ক ওয়াজির সাত্তার, ইউসুফ হাসান, নাজিম ফারহান চৌধুরী, ইফতেখার আহমেদ, উৎসব কমিটির স্পনসর ও অর্থ সমন্বয়কারী অজয় কুণ্ডু এবং হেড অব ফাইন্যান্স জুলফিকার আহমেদ। সংবাদ সম্মেলনে জানানো হয়, শ্রেষ্ঠ বিজ্ঞাপন পুরস্কারের জন্য ১০ মের মধ্যে সংশ্লিষ্টদের তাঁদের সৃজনশীল কাজটি জমা দিতে হবে। ২০১১ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে টিভি, রেডিও, আউটডোর ও নিউ মিডিয়া—এই চার মাধ্যমের জন্য নির্মিত ও প্রচারিত বিজ্ঞাপন পুরস্কারের জন্য পাঠানো যাবে। চতুর্থ বিজ্ঞাপন উৎসবের জন্য ১৬ সদস্যের আয়োজক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর চেয়ারম্যান ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন।২০০২ সালে ঢাকা অ্যাডভার্টাজিং ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ২০০৩, ২০০৪ ও ২০১১ সালে তিনটি বিজ্ঞাপন উৎসব আয়োজন করে ক্লাবটি।