ঢাকায় বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর উদ্যোগ

পরিবহন, বিদ্যুৎ, বস্ত্রসহ বিভিন্ন খাতের সাতটি উন্নয়ন প্রকল্প পাস করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্পে ব্যয় হবে এক হাজার ৩৫৩ কোটি টাকা। এর মধ্যে সরকার নিজস্ব তহবিল থেকে দেবে এক হাজার ১০২ কোটি টাকা। আর যেসব সংস্থা প্রকল্পগুলো বাস্তবায়ন করবে, তারা দেবে বাকি ২৫১ কোটি টাকা।
একনেকের চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে গতকাল মঙ্গলবার এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় রাজধানীতে যথেষ্ট পরিমাণ বিদ্যুৎ সরবরাহের জন্য অবকাঠামো নির্মাণে একটি প্রকল্প পাস হয়। এই প্রকল্পের আওতায় মূলত আশুগঞ্জ থেকে ভুলতা পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার ৪০০ কেভি দ্বৈত সার্কিট সঞ্চালন লাইন নির্মাণ করা হবে। এ ছাড়া ভুলতা থেকে ঢাকার রামপুরা পর্যন্ত নির্মাণ করা হবে তিন কিলোমিটার ২৩০ কেভি দ্বৈত সার্কিট লাইন। আশুগঞ্জে যে কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে, সেখান থেকে রাজধানীতে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ করাই এ প্রকল্পের উদ্দেশ্য।
প্রকল্পটিতে ব্যয় হবে ৮৫৩ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করবে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবিএল)। ২০১৪ সালের জুন মাসে শুরু হওয়া এই প্রকল্প শেষ হবে ২০১৭ সালের জুন মাসে। সাধারণত যেকোনো প্রকল্প পাস হওয়ার পরই মাঠ পর্যায়ের কাজ শুরু হয়।
একনেকে পাস হওয়া অন্য প্রকল্পগুলো হলো ৩৮ কোটি টাকার তাঁতবস্ত্রের উন্নয়নে ফ্যাশন ডিজাইন, ট্রেনিং ইনস্টিটিউট ও একটি বেসিক সেন্টার স্থাপন; ১০৪ কোটি টাকার মদন-খালিয়াজুড়ী সড়ক নির্মাণ এবং নেত্রকোনা-মদন-খালিয়াজুড়ী সড়কের ৩৭তম কিলোমিটারে বালাই নদীর ওপর পিসি গার্ডার সেতু নির্মাণ; ১৭৪ কোটি টাকার বাংলাদেশের বিভিন্ন স্থানে পুলিশ বিভাগের জন্য ৬০টি তদন্তকেন্দ্র টাইপ প্ল্যান নির্মাণ; ৫৫ কোটি টাকার বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি সংস্কার ও আধুনিকায়ন (২য় পর্যায়); ৫৫ কোটি টাকার দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের জন্য হোস্টেল নির্মাণ; ৭২ কোটি টাকার কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিপ্তর আধুনিকায়ন ও শক্তিশালীকরণ এবং নয়টি জেলা কার্যালয় স্থাপন।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রকল্পগুলো সম্পর্কে সাংবাদিকদের জানান।