ঢাকায় বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাইল পিটারস
কাইল পিটারস

দীর্ঘস্থায়ী অংশীদারত্ব আরও জোরদার করার লক্ষ্য নিয়ে বিশ্বব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (পরিচালন) কাইল পিটারস দুই দিনের এক সফরে গতকাল মঙ্গলবার ঢাকা এসেছেন।
কাইল বলেন, ‘কঠিন চ্যালেঞ্জের মধ্যেও দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের অর্জিত সাফল্য বিশ্বব্যাপী স্বীকৃত। আমি বাংলাদেশের সফল উন্নয়ন অভিজ্ঞতা নিয়ে আলোচনা করতে চাই, যা থেকে অন্য দেশগুলোও শিক্ষা নিতে পারে।’ তিনি বলেন, বাংলাদেশকে এখনো অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। তবে এ দেশের জনগণও ভালো কিছু করতে চায়।
কাইল জানান, বাংলাদেশকে সহায়তা করতে বিশ্বব্যাংক এখন কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক (সিপিএফ) তৈরি করছে। তাই এ দেশে অর্থনৈতিক উন্নয়নকে অধিকতর অন্তর্ভুক্তিমূলক করে তোলার পাশাপাশি প্রবৃদ্ধি অর্জনের পথে বিদ্যমান বাধাগুলো দূর করার বিষয়ে কীভাবে সরকারের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করা যায় সেই উপায় বের করবে বিশ্বব্যাংক।
সফরকালে কাইল অর্থমন্ত্রীসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং বেসরকারি খাত ও সুশীল সমাজের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া তিনি দেশে বিশ্বব্যাংকের সহায়তায় পরিচালিত কিছু প্রকল্পও পরিদর্শন করবেন। বিজ্ঞপ্তি।