ঢাকায় বিসিকের পাঁচ দিনব্যাপী শরৎ মেলা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উদ্যোগে পাঁচ দিনব্যাপী শরৎ মেলা ও কারুশিল্প প্রদর্শনীর আয়োজন করেছে। মতিঝিলের বিসিক ভবনে চলছে এই মেলা।বিসিকের চেয়ারম্যান ফখরুল ইসলাম গত রোববার ওই মেলার উদ্বোধন করেন। এ সময় বিসিকের পরিচালকসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।মেলায় বিভিন্ন হস্ত ও কুটির শিল্পপণ্যের ৬০টি স্টল স্থান পেয়েছে। মেলা চলবে ২৫ আগস্ট পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।দেশব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প খাতের উন্নয়ন, বিকাশ এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিসিক দীর্ঘদিন ধরে ব্লক, বাটিক প্রিন্টিং, পুতুল তৈরি, স্ক্রিন প্রিন্টিং, প্যাকেজিং বাঁশ-বেতের কাজ, পাটজাত হস্তশিল্প, চামড়াজাত পণ্য, ধাতবশিল্প, বুননশিল্প ইত্যাদি বিষয়ে উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিচ্ছে।বিসিক থেকে প্রশিক্ষণ গ্রহণকারীদের বিভিন্ন পণ্যসামগ্রীর পরিচিতি ও বাজার সৃষ্টির মাধ্যমে তাঁদের সহায়তা দেওয়ার উদ্দেশ্য সামনে রেখে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় বিভিন্ন ধরনের পোশাক, নকশিকাঁথা, তাঁতের ও জামদানি শাড়ি, পাটের হস্তশিল্প, আধুনিক পদ্ধতিতে উৎ পাদিত পণ্যসামগ্রীসহ হস্ত ও কুটির শিল্পজাত পণ্যের বিপুল সমারোহ ঘটেছে। এদিকে মেলার উদ্বোধনের পর বিসিকের পরিচালক (অর্থ) মনছুর রাজা চৌধুরী সংস্থার নকশা কেন্দ্র থেকে ৫৩ জন প্রশিক্ষণ গ্রহণকারীর মাঝে সনদ বিতরণ করেন। অনুষ্ঠানে বিসিকের পরিচালক বিপণন মো. জাহাঙ্গীর মোল্লা, সচিব ভুবন চন্দ্র বিশ্বাস বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন সংস্থার প্রধান নকশাবিদ এস এম শামছুদ্দিন। বিজ্ঞপ্তি।