ঢাকায় ভারত-বাংলাদেশ বাণিজ্য মেলা ৫ থেকে ৭ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত-বাংলাদেশ বাণিজ্য মেলা ৫ মে ঢাকায় শুরু হবে। শেষ হবে ৭ মে। রাজধানীর সোনারগাঁও হোটেলে চলবে এই মেলা। ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) উদ্যোগে এই মেলার আয়োজন করছে ট্রিউন এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস। পৃষ্ঠপোষকতা করছে বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন।মেলার বিস্তারিত জানাতে গতকাল শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন আইবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ ও সাম্মানিক মহাসচিব ইন্দ্রজিৎ লাহিড়ী। এ সময় মেলার প্রধান সমন্বয়ক কাজী ওয়াহিদুল আলম ও সমন্বয়কারী ফরহাদ কামাল উপস্থিত ছিলেন।আবদুল মাতলুব আহমাদ বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে ব্যবসা-বাণিজ্য প্রসারের পাশাপাশি বাংলাদেশে ভারতীয় বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। মাতলুব আহমাদ জানান, ইতিমধ্যে ভারতের অরবিন্দ লিমিটেড বাংলাদেশে একটি ডেনিম কারখানা করার জন্য ৫০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। আইবিসিসিআইয়ের সভাপতি আরও বলেন, বাংলাদেশে গ্যাস ও বিদ্যুৎসংকট থাকার পরও বিনিয়োগ আসছে। কারণ, বাংলাদেশ সরকার ফার্নেস অয়েল আমদানির জন্য বেসরকারি উদ্যোক্তাদের অনুমতি দিয়েছে। এতে উদ্যোক্তারা নিজেদের চাহিদামতো বিদ্যুৎ উৎপাদন করেই শিল্প চালিয়ে মুনাফা করতে পারবেন।মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। প্রবেশমূল্য জনপ্রতি ২০ টাকা।সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, মেলা উপলক্ষে সিআইআই ও আইসিআইয়ের দুটি বাণিজ্য প্রতিনিধিদল এবং ভারতের মিজোরাম প্রদেশের শিল্প ও পর্যটনমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে।