ঢাকায় ভারতীয় পণ্যের মেলা বৃহস্পতিবার থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ভারতীয় পণ্যের মেলা ‘ইন্ডিয়া ইনভেসট্রেড ২০১৫ ’। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এর উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। রাজধানীর মতিঝিলে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) ভবনে আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ফেডারেশনের সভাপতি আবদুল মাতলুব আহমাদ। 
ভারতের বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশে ভারতীয় হাইকমিশন এবং এফবিসিসিআইয়ের সহযোগিতায় এ মেলার আয়োজন করছে ইন্ডিয়ান চেম্বার অব কমার্স (আইসিসি)। সংবাদ সম্মেলনে উপস্থিত আইসিসির যুগ্ম-পরিচালক বধিসত্য মুখার্জি জানান, এতে ৬০-৬৫টি এসএমই প্রতিষ্ঠান অংশ নেবে। জ্বালানি, ইলেকট্রিক্যাল সরঞ্জাম, ইলেকট্রনিকস পণ্য ও শিল্পের যন্ত্রপাতিসহ বেশ কিছু পণ্য প্রদর্শিত হবে মেলায়। 
সংবাদ সম্মেলনে ফেডারেশনের পক্ষ থেকে ইলেকট্রিক্যাল শিল্পপার্ক স্থাপনের জন্য সরকারের কাছে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল বরাদ্দের দাবি জানানো হয়। একই সঙ্গে ইলেকট্রিক্যাল পণ্য ও সরঞ্জাম খাতে আগামী তিন বছরের জন্য ৫ শতাংশ হারে নগদ সহায়তা দেওয়ারও দাবি করেছে ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠনটি। দেশের ইলেকট্রিক্যাল পণ্য ও সরঞ্জাম খাতে বিনিয়োগ আকৃষ্ট করার পাশাপাশি উন্নত প্রযুক্তি সম্পন্ন পণ্য উৎপাদনের স্বার্থেই এমন দাবি করেছেন বলে জানিয়েছেন মাতলুব আহমাদ। 
এফবিসিসিআই সভাপতি আরও বলেন, ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যের হাসপাতালগুলোতে প্রতি মাসে প্রায় এক হাজার বাংলাদেশি চিকিৎসা নিতে যায়। ভারতীয় বিনিয়োগকারীরা এ দেশে হাসপাতাল স্থাপন করলে এ দেশের মানুষ উন্নত চিকিৎসার সুযোগ-সুবিধা পাবে। তা ছাড়া অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশ যেমন লাভবান হবে, তেমনি দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। 
মাতলুব আহমাদ বলেন, ভারতের বিনিয়োগকারীরা সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে অথবা যৌথভাবে বাংলাদেশে পণ্য উৎপাদনে বিনিয়োগ করতে পারে। বিশেষ করে হালকা প্রকৌশল, ইলেকট্রনিকস সরঞ্জাম, বিদ্যুৎ, জ্বালানি, স্বাস্থ্য ও পর্যটন খাতে ভারত এ দেশে বিনিয়োগ করতে পারে এবং উৎপাদিত পণ্য ভারতে পুনঃরপ্তানি করতে পারে। 
সংবাদ সম্মেলনে ইন্দো-বাংলা চেম্বারের সভাপতি মোহাম্মদ আলীসহ এফবিসিসিআই এর পরিচালকেরা উপস্থিত ছিলেন।