ঢাকায় ভারতীয় বস্ত্রশিল্পের প্রদর্শনী আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে উৎপাদিত বিভিন্ন ধরনের বস্ত্র ও সুতা নিয়ে আজ সোমবার ঢাকার সোনারগাঁও হোটেলে শুরু হচ্ছে দুই দিনের এক প্রদর্শনী। ‘ইনটেক্সপো বাংলাদেশ’ শিরোনামে এই প্রদর্শনীর আয়োজন করেছে যৌথভাবে ভারতের সিনথেটিক অ্যান্ড রেয়ন টেক্সটাইলস এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল (এসআরটিইপিসি) ও বাংলাদেশে ভারতীয় হাইকমিশন।
দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই), তৈরি পোশাকমালিকদের সংগঠন (বিজিএমইএ) এবং ইন্দো-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই) প্রদর্শনী আয়োজনে সহায়তা করছে।
প্রদর্শনীর নানা দিক তুলে ধরতে গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে এসআরটিইপিসি। এতে বক্তব্য দেন সংস্থাটির আহ্বায়ক সঞ্জীব সরন।
আয়োজকেরা জানান, ভারতের ২২টি বস্ত্র ও সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান এই প্রদর্শনীতে অংশ নিচ্ছে। এটি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকবে।