ঢাকায় ভারতীয় বাণিজ্য মেলার পৃষ্ঠপোষক হলো লাফার্জ সুরমা সিমেন্ট
সিমেন্ট নির্মাতা ও রপ্তানিকারক প্রতিষ্ঠান লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড ঢাকা শেরাটন হোটেলে ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ভারতীয় বাণিজ্য মেলা আয়োজনের প্লাটিনাম স্পন্সর হিসেবে পৃষ্ঠপোষকতা করবে।এ ব্যাপারে ঢাকায় গত মঙ্গলবার ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যালয়ে একটি চুক্তি হয়েছে। ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বারের পক্ষে মেলার প্রধান সমন্বয়ক কাজী ওয়াহিদুল আলম এবং লাফার্স সুরমা সিমেন্টের অর্থ পরিচালক মাসুদ খান চুক্তিতে সই করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বারের সহসভাপতি দেওয়ান সুলতান আহমেদ ও পরিচালক মোহাম্মদ এন এস কবিরসহ উভয় পক্ষের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এ মেলায় ভারতের বিপুলসংখ্যক শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান অংশ নেবে। এ ছাড়া ভারতে অনুষ্ঠিত মেলায় যোগ দেওয়া বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোরও একটি বড় অংশ স্টল নেবে বলে আয়োজকেরা আশা করছেন। মেলাটির আয়োজন করছে ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স। এর ব্যবস্থাপনায় রয়েছে ট্রিউন এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস (টিমস্)। বিজ্ঞপ্তি।