ঢাকায় মধুমেলায় হরেক ফুলের মধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) আয়োজনে গতকাল রাজধানীর মতিঝিলে সংস্থাটির কার্যালয় প্রাঙ্গণে শুরু হওয়া পাঁচ দিনের মধুমেলায় ক্রেতা-দর্শনার্থীরা l প্রথম আলো
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) আয়োজনে গতকাল রাজধানীর মতিঝিলে সংস্থাটির কার্যালয় প্রাঙ্গণে শুরু হওয়া পাঁচ দিনের মধুমেলায় ক্রেতা-দর্শনার্থীরা l প্রথম আলো

রাজধানীতে বসেছে পাঁচ দিনের মধুমেলা। মতিঝিলে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক) প্রাঙ্গণে আয়োজিত এ মেলায় দেশীয় মধুর ব্র্যান্ড ও মৌচাষিরা অংশ নিয়েছেন। মেলা থেকে ক্রেতারা বিশেষ ছাড়ে ৪০০ থেকে ৫০০ টাকা কেজি দরে কিনতে পারছেন বিভিন্ন ফুলের মধু।
বিসিক আয়োজিত এ মেলায় ২০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। গতকাল রোববার মেলাটির উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হামিদুর রহমান ও বিসিকের চেয়ারম্যান মো. হজরত আলী উপস্থিত ছিলেন।
মেলায় অংশ নেওয়া মৌচাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, দেশে এখন সবচেয়ে বেশি মধু আহরিত হয় সরিষার ফুল থেকে। এর পাশাপাশি লিচু, কালিজিরা, মৌরি, ধনে, তিসিসহ বিভিন্ন ফুলের মধুও সংগ্রহ করা হয়।
মেলায় প্রতি কেজি সরিষা ফুলের মধু ৪০০ থেকে ৫০০ টাকা, কালিজিরা ফুলের মধু ৭৫০-৯০০ টাকা, লিচু ফুলের মধু ৪০০-৪৫০ টাকা, মৌরি ও তিসির মধু ৪০০ টাকা দরে বিক্রি করছে বিভিন্ন প্রতিষ্ঠান।
বিসিকের হিসাবে, দেশে বছরে ৭ থেকে ৮ হাজার টন মধু উৎপাদিত হয়। এর মধ্যে সুন্দরবন থেকে আসে প্রায় ২ হাজার টন। তিন বছর ধরে বছরে ৫০ হাজার টন করে উৎপাদন বাড়ছে।
বিসিকের মৌচাষ প্রকল্পের পরিচালক খোন্দকার আমিনুজ্জামান প্রথম আলোকে বলেন, দেশে প্রায় সাড়ে ৫ লাখ হেক্টর জমিতে সরিষা চাষ হয়। এর মধ্যে মাত্র ১০ শতাংশ থেকে এখন মধু আহরণ করা হচ্ছে। তাই শুধু সরিষা থেকেই মধুর উৎপাদন আরও বাড়ানো সম্ভব।
মধুমেলা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত। এতে মধুর পাশাপাশি মধু ও আমের জেলি, ঘি, বেলের শরবত তৈরির গুঁড়াসহ বিভিন্ন পণ্য কিনতে পারবেন ক্রেতারা।
বিসিক জানায়, ১৯৭৭ সালে সংস্থাটি মৌচাষের কার্যক্রম শুরু করে। দেশে বর্তমানে আমদানি করা অ্যাপিস মেলিফেরা এবং দেশজ প্রজাতির অ্যাপিস সেরেনা মৌমাছি বৈজ্ঞানিক পদ্ধতিতে বাক্সে পালন করে মধু আহরণ করা হয়।