ঢাকায় মার্কিন বাণিজ্য প্রদর্শনী উদ্বোধন
ঢাকায় রূপসী বাংলা হোটেলে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ২১তম মার্কিন বাণিজ্য প্রদর্শনী। বাংলাদেশে মার্কিন দূতাবাসের উপপ্রধান নিকোলাস ডিন এবং আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচেম) বাংলাদেশের সভাপতি আফতাব উল ইসলাম এই মেলা বা প্রদর্শনীর উদ্বোধন করেন। মার্কিন দূতাবাস এবং অ্যামচেম যৌথভাবে প্রদর্শনীর আয়োজন করছে।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নিকোলাস ডিন বলেন, ক্রমেই বাংলাদেশের অর্থনীতি বড় হচ্ছে। গত বছর বাংলাদেশের অর্থনীতি ছিল ১০ হাজার কোটি ডলারের (১০০ বিলিয়ন)। তা ছাড়া এ দেশের বাণিজ্যের পরিসরও বাড়ছে। নিকোলাস ডিন জানান, রপ্তানির দিক থেকে বাংলাদেশের একক বৃহত্তম বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র। প্রদর্শনীর আয়োজকেরা জানান, ১৯৯১ সাল থেকে প্রতিবছর এই প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। প্রদর্শনী চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এতে ৬২টি প্রতিষ্ঠান ১১৬টি বুথে বিভিন্ন পণ্য ও সেবা প্রদর্শন করছে। এবারের প্রদর্শনীর অন্যতম বৈশিষ্ট্য হলো, প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের ফরেন কমার্শিয়াল সার্ভিস ইউএস ক্যাটালগ প্রদর্শনী, যেখানে ২৫টি প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্যসেবা তুলে ধরবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে। প্রদর্শনীর প্রবেশমূল্য রাখা হয়েছে ২০ টাকা। তবে ছাত্রছাত্রীরা পরিচয়পত্র দেখিয়ে বিনা মূল্যে প্রবেশ করতে পারবে।