ঢাকায় মূল্যসূচক বাড়লেও চট্টগ্রামে কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবার সাধারণ মূল্যসূচক বেড়েছে। তবে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক কমেছে। তবে উভয় বাজারে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কমেছে। একই সঙ্গে লেনদেন হওয়া বেশির ভাগ শেয়ারের দাম কমেছে।অন্যদিকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) গতকাল তালিকাভুক্ত কোম্পানির অভিহিত মূল্য পরিবর্তন-সংক্রান্ত ১০ মে ২০১০ দেওয়া প্রজ্ঞাপনের কার্যকরিতা স্থগিত করেছে।গতকাল ডিএসইতে সূচকের ওঠা-নামা ছিল চোখে পড়ার মতো। লেনদেনের শুরুতে সূচক সামান্য বাড়লেও বেলা সোয়া ১১টার দিকে ৫৯ পয়েন্ট নেমে যায়। এরপর কখনো বাড়ে, আবার কখনো কমে। সারা দিনই এভাবে ওঠা-নামা করেছিল। অবশ্য দিন শেষে সাধারণ মূল্যসূচক ২৮ পয়েন্ট বেড়ে ৭৩০৯ পয়েন্টে দাঁড়ায়।অন্যদিকে ডিএসইতে লেনদেন হওয়া ২৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ১৮২টির, বেড়েছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। গতকাল ৭৪১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন মঙ্গলবারের চেয়ে ১৯৭ কোটি টাকা কম। মঙ্গলবার ৯৩৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।বাজার বিশ্লেষকদের মতে, এখনো ক্ষুদ্র বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে আসেনি। কারণ মূল্যসূচক বাড়লেও বিক্রেতা খুঁজে পাওয়া যায় না। অন্যদিকে মূল্যসূচকের একটু পতন দেখলেই আবারও বড় ধরনের পতন হবে, এমন আতঙ্কে সবাই শেয়ার বিক্রি করতে ঝাঁপিয়ে পড়ে। বিনিয়োগকারীদের মধ্যে পুরো মাত্রায় আস্থা ফিরে না এলে বাজারে স্থিতিশীলতা আসবে না।অন্যদিকে গতকাল অধিকাংশ ব্যাংকের শেয়ারের দর বেড়েছে। এদিন তালিকাভুক্ত ব্যাংকিং খাতের ৩০টি প্রতিষ্ঠানের মধ্যে ২৮টির দাম বেড়েছে। অবশ্য গতকাল লেনদেনের শুরুতে ব্যাংকিং খাতের শেয়ারের গতি ছিল খুবই ধীর। কিন্তু মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবিএল) ৮ ফেব্রুয়ারি বিগত বছরের লভ্যাংশ দেবে, এমন ঘোষণার পর ব্যাংকগুলোর দর বাড়তে থাকে। ফলে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর পড়লেও বাজার সূচকের ঊর্ধ্বগতি দিয়ে শেষ হয়।অন্যদিকে সিএসইতে গতকাল সাধারণ সূচক ৩৮ পয়েন্ট কমে দাঁড়ায় ২০ হাজার ৮০৩ পয়েন্টে। সিএসইতে লেনদেন হওয়া ১৮৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৮টির, কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। গতকাল ৯১ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২৩ কোটি টাকা কম। আগের দিন ১১৪ কোটি টাকার লেনদেন হয়।এসইসির প্রজ্ঞাপনদুই স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির অভিহিত মূল্য পরিবর্তনের ব্যাপারে এসইসি তার আগের প্রজ্ঞাপন স্থগিত করেছে। গতকাল এক প্রজ্ঞাপনে বলা হয়, দুই স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির অভিহিত মূল্য পরিবর্তনের ব্যাপারে গত বছরের ১০ মে প্রকাশিত নির্দেশনাটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো। নির্দেশনায় তালিকাভুক্ত কোম্পানিগুলো তাদের অভিহিত মূল্য ১০ টাকায় পরিবর্তনের ব্যাপারে কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে। জানা যায়, গত বছর ১০ মে এক নির্দেশনায় এসইসি তালিকাভুক্ত কোম্পানিগুলোকে তাদের অভিহিত মূল্য পরিবর্তনের নির্দেশ দেয়।