ঢাকায় মেট্রোরেল ডিপোতে কারখানা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার উত্তরায় মেট্রোরেলের যে ডিপো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, সেখানে একটি কারখানাও নির্মাণের কথা রয়েছে। আর এ বিষয়ে অভিজ্ঞতা নিতে একটি বিশেষজ্ঞ দল দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন করেছে। ছয় সদস্যের ওই দলটি গতকাল সোমবার কারখানার বিভিন্ন উৎপাদন শপ ঘুরে দেখেছে।
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) নূর আহম্মেদ হোসেন জানান, ঢাকায় মেট্রোরেল চালুর পাশাপাশি এর রক্ষণাবেক্ষণ, পরিচালন এবং মেরামতের বিষয়টিও খতিয়ে দেখছে সরকার। ঢাকার উত্তরায় একটি মেট্রোরেল কারখানা স্থাপনের উদ্যোগও নেওয়া হয়েছে।
বিশেষজ্ঞ দলটি সৈয়দপুর রেলওয়ে কারখানায় ক্যারেজ রিপিয়ারিং, পেইন্ট, মিলরাইট ও টুলরুম শপ পরিদর্শন করেছে। এসবে কীভাবে কোচ মেরামত ও রক্ষণাবেক্ষণ হচ্ছে তা প্রত্যক্ষ করেছে ওই প্রতিনিধিদলটি। দলের নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত সচিব ও মেট্রোরেল প্রকল্পের পরিচালক (পিডি) মোফাজ্জেল হোসাইন।
বিশেষজ্ঞ দলের সদস্য রেলওয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এ বি এম আরিফুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশে উপযোগী কী কী সুযোগসুবিধা মেট্রোরেলে সংযোজন করা যায়, তারই অভিজ্ঞতা নিতে এসেছি। এখানকার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ঢাকায় আমরা আরও একটি রেলকারখানা স্থাপনে কাজ শুরু করব, যা শিগগিরই শুরু হবে।’