ঢাকায় যুক্তরাষ্ট্রের পণ্য প্রদর্শনী শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের পরিবেশ এখন বিনিয়োগবান্ধব। সরকার এ দেশে বিনিয়োগকে উত্সাহিত করতে বিশেষ সুবিধা দিচ্ছে। ব্যবসা-বাণিজ্য বাড়ায় দেশের অর্থনীতিও শক্তিশালী হচ্ছে। বিশ্বের কাছে বাংলাদেশ এখন একটি সম্ভাবনাময় দেশ।ইউএস ট্রেড শো-২০১৩ উদ্বোধন করতে এসে গতকাল এসব কথা বলেছেন বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের। রাজধানীর রূপসী বাংলা হোটেলে এ মেলার আয়োজন করেছে অ্যামেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) এবং ঢাকায় আমেরিকান দূতাবাস।এবার ২২তম ইউএস ট্রেড আয়োজন করা হয়েছে, যা আগামীকাল শনিবার পর্যন্ত চলবে। এতে যুক্তরাষ্ট্রের ৫৩টি প্রতিষ্ঠানের ৯৭টি স্টল রয়েছে। প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র এ দেশের অন্যতম ব্যবসায়িক অংশীদার। এ মেলার মাধ্যমে দুই দেশের ব্যবসায়ীরা নতুন পণ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান। এতে দুই দেশের ব্যবসা-বাণিজ্য আরও বেগবান হবে। আর আমদানি ও রপ্তানি বাণিজ্যে ব্যবধানও কমে আসবে।অ্যামচেমের তথ্য অনুযায়ী, ২০১২ সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে ৪৯১ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। আর দেশটি থেকে আমদানি করেছে ৫০ কোটি ১৯ লাখ ডলারের পণ্য।বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের এ দেশে জ্বালানি, বন্দর, মহাসড়ক, রেলওয়ে, টেলিযোগাযোগ, হিমায়িত খাদ্য, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, তথ্যপ্রযুক্তি, শিক্ষা এবং আবাসন খাতে বিনিয়োগের আহ্বান জানান।অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজীনা। তিনি বলেন, বাংলাদেশ অবশ্যই ‘এশিয়ান টাইগার’-এ পরিণত হবে।অ্যামচেম বাংলাদেশের সভাপতি আফতাব-উল ইসলাম বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র যেকোনো সময় বহুল আকাঙ্ক্ষিত টিকফা চুক্তি সই করতে পারে। এ চুক্তি দুই দেশের বাণিজ্যের ক্ষেত্রে অপার সম্ভাবনা বয়ে আনবে। দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে দুই দেশেরই ভিসাপ্রক্রিয়া সহজ করতে হবে বলে মনে করেন তিনি। অ্যামচেম বাংলাদেশের নির্বাহী পরিচালক এ গফুরও বক্তব্য দেন।প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা খোলা থাকবে। মেলার প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। তবে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মেলায় বিনা মূল্যে প্রবেশ করতে পারবেন।