ঢাকায় রিহ্যাবের আবাসন মেলা ২-৬ জানুয়ারি
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ২ থেকে ৬ জানুয়ারি রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এক আবাসন মেলার আয়োজন করবে।এরই মধ্যে ‘রিহ্যাব ফেয়ার ২০১২’ শীর্ষক এই মেলার স্টল বরাদ্দ করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে উন্মুক্ত লটারির মাধ্যমে এবারের মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্টল বরাদ্দ দেওয়া হয় বলে গতকাল রোববার রিহ্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।এতে জানানো হয়, এবারের মেলায় মোট ২২২টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে ২১৫টি আবাসন ও রিয়েল এস্টেট বা ডেভেলপার প্রতিষ্ঠান। স্টল বরাদ্দ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রিহ্যাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ভূঁইয়া, রিহ্যাব মেলা আয়োজক কমিটির চেয়ারম্যান মো. আবদুর রহিম খান, কো-চেয়ারম্যান মো. আবদুর রশীদ, সদস্য মোহাম্মদ আনসার আলী, মোহাম্মদ আল-আমীন উপস্থিত ছিলেন।