ঢাকায় রিহ্যাবের আবাসন মেলার প্রথম দিনেই ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) উদ্যোগে গতকাল বৃহস্পতিবার ঢাকায় শুরু হয়েছে জমি ও ফ্ল্যাটের পাঁচ দিনব্যাপী এক মেলা।প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে রাজধানীর শেরেবাংলা নগরের বাণিজ্য মেলা প্রাঙ্গণে ‘রিহ্যাব ভিশন ফেয়ার ২০১০’ শীর্ষক এ মেলার উদ্বোধন করেন। এ সময় রিহ্যাবের নেতারা উপস্থিত ছিলেন।প্রথম দিনেই মেলায় নারী-পুরুষনির্বিশেষে সব বয়সের ক্রেতা-দর্শকের উপস্থিতি ছিল লক্ষণীয়। এর মধ্যে অনেকে আসেন পরিবার-পরিজন নিয়ে। তাঁরা বিভিন্ন স্টল ঘুরে সাধ ও সাধ্যের মধ্যে নিজেদের পছন্দের জমি ও অ্যাপার্টমেন্টের বিষয়ে খোঁজখবর নেন।আয়োজকেরা জানান, রিহ্যাবের এবারের মেলায় প্রথমবারের মতো তিন শতাধিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এসব প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে, সাধারণত রিহ্যাব মেলার প্রথম দিনে ক্রেতা-দর্শকেরা বিভিন্ন কোম্পানির প্রসপেক্টাস নিয়ে যান। পরবর্তী সময়ে বাড়িতে বসে প্রকল্পগুলো যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নিয়ে থাকেন। তাঁরা আরও জানান, এবারের মেলার প্রথম দিনে নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর ক্রেতা-দর্শকই ছিলেন বেশি, যাঁদের বেশির ভাগেরই চাহিদা ছিল এক হাজার বর্গফুট থেকে এক হাজার ২৫০ বর্গফুট আয়তনের ফ্ল্যাট। তবে এর চেয়ে বড় ফ্ল্যাটের খোঁজও করেছেন কেউ কেউ।মেলায় আসা ক্রেতা-দর্শকেরা জানিয়েছেন, এবার মেলার পরিবেশ অত্যন্ত চমৎকার। অন্যবার মেলা প্রাঙ্গণে জায়গা কম ছিল বলে ভিড় ঠেলে স্টলগুলোতে ঢুকতে হতো, যে কারণে স্টলে দায়িত্ব পালনরত কর্মকর্তা বা প্রতিনিধিদের সঙ্গেও ঠিকমতো কথা বলা যেত না। তা ছাড়া এবারের মেলায় তিন শতাধিক ডেভেলপার প্রতিষ্ঠান আসায় যাচাই-বাছাইয়ের সুযোগও বেশি রয়েছে। মেলা প্রাঙ্গণে গৃহঋণ প্রদানকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের স্টল থাকায় ঋণের তথ্য জানতে আবার ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে যেতে হচ্ছে না। ফলে সব মিলিয়ে রিহ্যাবের এই আয়োজন ক্রেতাসাধারণের বড় ধরনের উপকারে আসবে বলে তাঁরা মন্তব্য করেন।আয়োজকেরা জানান, এবারের মেলায় প্রতিবার প্রবেশের ক্ষেত্রে টিকেটের মূল্য ধরা হয়েছে ৫০ টাকা। আর পাঁচ দিনের মৌসুমি টিকিটের মূল্য ১০০ টাকা ধার্য করা হয়েছে। উদ্বোধনী দিনে বেলা দুইটা থেকে রাত আটটা এবং অন্যান্য দিনে সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত দর্শক-ক্রেতাদের জন্য মেলা খোলা থাকবে। অন্যবারের মতো এবারও মেলায় প্রবেশের টিকিট বিক্রির অর্থের সবটাই দুস্থদের সাহায্যার্থে দান করবে রিহ্যাব।