ঢাকায় রিহ্যাবের চার দিনের আবাসন মেলা শুরু বৃহস্পতিবার
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) উদ্যোগে ঢাকায় আগামী বৃহস্পতিবার শুরু হচ্ছে জমি ও ফ্ল্যাটের মেলা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘রিহ্যাব সামার ফেয়ার-২০১১’ শীর্ষক চার দিনব্যাপী অনুষ্ঠেয় এই মেলায় ২৬৩টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।এ উপলক্ষে গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে রিহ্যাবের সভাপতি সাংসদ নসরুল হামিদ, সাধারণ সম্পাদক মুরাদ ইকবাল চৌধুরীসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে জানানো হয়, মেলার উদ্বোধনী অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান প্রধান অতিথি ও রাজউকের চেয়ারম্যান নুরুল হুদা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।আয়োজকেরা জানান, এবারের মেলায় প্রতিবার প্রবেশের ক্ষেত্রে টিকিটের মূল্য ধরা হয়েছে ৫০ টাকা। আর চার দিনের টিকিটের মূল্য ১০০ টাকা ধার্য করা হয়েছে। উদ্বোধনী দিন দুপুর দুইটা থেকে রাত আটটা এবং অন্যান্য দিনে সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত দর্শক-ক্রেতাদের জন্য মেলা খোলা থাকবে।