রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) উদ্যোগে আগামীকাল বৃহস্পতিবার থেকে জমি ও ফ্ল্যাটের পাঁচ দিনব্যাপী এক মেলা শুরু হচ্ছে। রাজধানীর শেরেবাংলা নগরের বাণিজ্য মেলা প্রাঙ্গণে ‘রিহ্যাব ভিশন ফেয়ার ২০১০’ শীর্ষক এই মেলায় মোট ৩০৬টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলাটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মেলা সম্পর্কে বিস্তারিত জানাতে রিহ্যাব গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি নসরুল হামিদ। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রিহ্যাবের ঊর্ধ্বতন সহসভাপতি সুলতানা শাহেদা ইসলাম, সহসভাপতি মো. আবদুর রহিম খান, সাধারণ সম্পাদক মুরাদ ইকবাল চৌধুরী প্রমুখ।নসরুল হামিদ বলেন, দেশের প্রধান প্রধান শহরগুলোতে বিশেষ করে রাজধানী ঢাকায় জমির সীমাবদ্ধতার কারণে মানুষের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় বাসস্থানের ব্যবস্থা করা অত্যন্ত দুরূহ হয়ে পড়ছে।রিহ্যাবের সভাপতি আরও বলেন, বিগত সময়ে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা এবং স্বচ্ছ ও দূরদৃষ্টিসম্পন্ন আইন, নীতিমালা ও পরিকল্পনার অভাবে দেশের গৃহায়ণ শিল্পে বিরূপ প্রভাব পরিলক্ষিত হচ্ছে। অনিশ্চয়তার কারণে এই শিল্পে বিনিয়োগে মানুষ উৎসাহ হারাচ্ছে। এ কারণে জাতীয় প্রবৃদ্ধিতে প্রায় ১৫ শতাংশ অবদান রাখা এই খাত স্থবির হয়ে পড়ার সম্ভাবনা অমুলক নয়। এই খাতটি ক্রমান্বয়ে সংকটে পতিত হচ্ছে। ক্রেতাসাধারণের আগ্রহ হ্রাস পাচ্ছে। সংবাদ সম্মেসলনে বলা হয়, জমির মূল্যের ঊর্ধ্বগতি, সেবা প্রদানকারী সংস্থাগুলোর সমন্বয়হীনতা, নির্মাণসামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, ব্যাংকঋণের উচ্চহারের সুদ এবং ভবনের নকশা অনুমোদনে দীর্ঘসূত্রতা ডেভেলপারদের কর্মকাণ্ড প্রতিনিয়ত বাধাগ্রস্ত করছে। এতে বলা হয়, সরকারের সার্বিক পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা ছাড়া এ সমস্যা থেকে উত্তরণে বিকল্প কোনো পথ নেই।রিহ্যাবের সভাপতি বলেন, গৃহায়ণ খাতের জন্য ফ্ল্যাট বা ভবন নিবন্ধনের ক্ষেত্রে রিয়েল এস্টেট ব্যবসায়ীদের ওপর থেকে উৎসে আয়কর সংগ্রহের হার প্রতি বর্গমিটারে ২৫০ টাকা নির্ধারিত ছিল। কিন্তু চলতি বছরের ১০ জুন থেকে তা এলাকাভেদে আট গুণ পর্যন্ত বাড়িয়ে দুই হাজার টাকায় নির্ধারণ করা হয়েছে। এতে এক হাজার বর্গফুটের একটা ফ্ল্যাটের নিবন্ধন ব্যয় এক লাখ ৮০ হাজার টাকায় দাঁড়িয়েছে, যা আগে ছিল ২৩ হাজার টাকা। তিনি আবাসনশিল্প রক্ষায় উৎসে আয়কর আগের অবস্থায় অর্থাৎ প্রতি বর্গমিটারে ২৫০ টাকা নির্ধারণের দাবি জানান।আয়োজকেরা জানান, এবারের মেলায় প্রতিবার প্রবেশের ক্ষেত্রে টিকেটের মূল্য ধরা হয়েছে ৫০ টাকা। আর পাঁচ দিনের মৌসুমি টিকিটের মূল্য ১০০ টাকা ধার্য করা হয়েছে।উদ্বোধনী দিন দুপুর দুইটা থেকে রাত আটটা এবং অন্যান্য দিনে সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত দর্শক-ক্রেতাদের জন্য মেলা খোলা থাকবে। অন্যবারের মতো এবারও মেলার প্রবেশ টিকিট বিক্রির মাধ্যমে পাওয়া অর্থের সবটাই দুস্থদের সাহায্যার্থে দান করবে রিহ্যাব।