ঢাকায় লেনদেন বাড়লেও কমেছে চট্টগ্রামের বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে গতকাল বুধবার মূল্যসূচক বাড়লেও লেনদেন বেড়েছে শুধু ঢাকার বাজারে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক এদিন প্রায় ১০০ পয়েন্ট বা দুই শতাংশ বেড়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক বেড়েছে ২৫২ পয়েন্ট বা ১ দশমিক ৬৬ শতাংশ। তবে একটানা চার দিনের পতনের পর দুই দিন ধরে শেয়ারবাজারে লেনদেন ও সূচক আবার ঊর্ধ্বমুখী হয়েছে। এতে বুধবার লেনদেন শেষে ডিএসইর সাধারণ সূচক বেড়ে দাঁড়িয়েছে প্রায় পাঁচ হাজার ১৯৯ পয়েন্টে।ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ডিএসই ও সিএসইতে গতকাল লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে ৭৫ শতাংশেরই দাম বেড়েছে।বাজারের এমন পরিস্থিতি সম্পর্কে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক অস্থিরতা কিছুটা কমে আসায় বাজার পরিস্থিতিরও উন্নতি হচ্ছে।প্রতিবেদনে আরও বলা হয়, তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের সময়সীমা যতই ঘনিয়ে আসছে, বাজারের ওপর বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস ততই বাড়ছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের তালিকা চূড়ান্ত করার খবরটিও বাজারকে ঊর্ধ্বমুখী করতে ইতিবাচক ভূমিকা রেখেছে।ঢাকার বাজারে লেনদেন পরিস্থিতিরও খানিকটা উন্নতি হয়েছে। আগের দিনের চেয়ে ডিএসইতে লেনদেন ১১ শতাংশ বেড়েছে।আইডিএলসি ইনভেস্টমেন্টসের প্রতিবেদন অনুযায়ী, অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়লেও গতকালের বাজারে দর বৃদ্ধিতে শীর্ষে ছিল বস্ত্র খাতের কোম্পানি। এর পরের অবস্থানে ছিল যথাক্রমে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎও জ্বালানি, সাধারণ বিমা এবং টেলিকম খাতের কোম্পানিগুলো। মূল্যসূচকের ঊর্ধ্বগতি দিয়েই গতকাল ডিএসইতে লেনদেন শুরু হয়। প্রথম পাঁচ মিনিটে ডিএসইর সাধারণ মূল্যসূচক ১২০ পয়েন্ট বেড়ে যায়। সাড়ে ১১টার দিকে সূচক বেড়ে পাঁচ হাজার ২৪৩ পয়েন্টে উন্নীত হয়। এটিই ছিল গতকাল ডিএসইর সাধারণ সূচকের সর্বোচ্চ অবস্থান। এরপর সূচকের ঊর্ধ্বগতি কিছুটা মন্থর হলেও খুব বেশি নিম্নমুখী হয়নি।ডিএসইতে গতকাল ২৬০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৯৪টির দাম বেড়েছে, কমেছে ৫২টির আর অপরিবর্তিত ছিল ১৪টি কোম্পানির শেয়ারের দাম। দিন শেষে ঢাকার বাজারে প্রায় ৪৯৯ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ৫০ কোটি টাকা বেশি।সিএসইতে গতকাল ১৮৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৩৯টির দাম বেড়েছে, কমেছে ৩৬টির আর অপরিবর্তিত ছিল ১০টি কোম্পানির শেয়ারের দাম। এদিন চট্টগ্রামের বাজারে প্রায় ৪৩ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় আট কোটি টাকা কম। দিন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৫ হাজার ৪৪৮ পয়েন্টে।