ঢাকায় শুরু হলো দ্বিতীয় কানাডা শোকেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুকূল বিনিয়োগ পরিবেশ সৃষ্টির মাধ্যমে বাংলাদেশের প্রতি বিনিয়োগকারীদের আকৃষ্ট করা এবং দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর লক্ষ্য নিয়ে ঢাকায় শুরু হয়েছে কানাডা শোকেস বা কানাডা ও বাংলাদেশের পণ্যসেবার প্রদর্শনী।রাজধানীর সোনারগাঁও হোটেলে গতকাল রোববার এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়। ঢাকায় কানাডার হাইকমিশন ও কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ক্যানচেম) যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করেছে। এটি দ্বিতীয় প্রদর্শনী। ২০১১ সালে প্রথমবারের মতো এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।উদ্বোধনী অনুষ্ঠানে ক্যানচেম সভাপতি মাসুদ রহমান বলেন, কানাডায় বর্তমানে এক লাখের বেশি বাংলাদেশি অবস্থান করছেন। সে কারণে দুই দেশের মধ্যে যোগাযোগ খুব গুরুত্বপূর্ণ। মাসুদ রহমান বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার তিন কোটি হচ্ছে মধ্যবিত্ত। এটা একটা বিশাল বাজার। সে কারণে কানাডার ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো এ দেশে বিনিয়োগে আগ্রহী। বর্তমানে বাংলাদেশে কানাডার বিনিয়োগ ৩০ কোটি ডলারে পৌঁছেছে বলে জানান তিনি।অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার হিদার ক্রুডেন বলেন, গত কয়েক বছরে বাংলাদেশের সঙ্গে কানাডার বাণিজ্যিক সম্পকের্র দ্রুত অগ্রগতি হয়েছে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ হচ্ছে কানাডায় দ্বিতীয় সর্বোচ্চ পণ্য রপ্তানিকারক দেশ। উভয় দেশের মধ্যে ২০০৬ সালে যেখানে বাণিজ্যের পরিমাণ ছিল ৬২ কোটি ৪০ লাখ ডলার, তা ২০১১ সালে বেড়ে দাঁড়িয়েছে ১৬৩ কোটি ডলারে। অর্থাৎ পাঁচ বছরে বাংলাদেশ-কানাডা দ্বিপক্ষীয় বাণিজ্য দ্বিগুণ হয়েছে। তিনি জানান, বাংলাদেশে কানাডার পণ্য রপ্তানির পরিমাণ ২০১১ সালে ছিল ৫৫ কোটি পাঁচ লাখ ডলার। আর সেই দেশ থেকে বাংলাদেশে আমদানির পরিমাণ দাঁড়ায় ১০০ কোটি সাত লাখ ডলার। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনোজ কুমার রায় বলেন, কানাডার সঙ্গে বর্তমানে বাংলাদেশের বাণিজ্য উদ্বৃত্ত চলছে। এই প্রদর্শনী বাণিজ্য আরও বাড়াতে সহায়ক হবে বলে মন্তব্য করেন তিনি।প্রদর্শনীর আয়োজকেরা জানান, বাংলাদেশ ও কানাডার মোট ৩১টি প্রতিষ্ঠান দুই দিনের এই প্রদর্শনীতে অংশ নিচ্ছে।