ঢাকায় শুরু হয়েছে ডিজিটাল প্রযুক্তির মেলা
ভূমির রেকর্ড ও ভূমি ব্যবস্থাপনাকে সবার আগে পুরোপুরি ডিজিটাল করতে হবে। কারণ ভূমির রেকর্ডেই দুর্নীতির আখড়া। ডিজিটাল প্রযুক্তির ব্যবহার দুর্নীতি রোধের সবচেয়ে কার্যকর হাতিয়ার হতে পারে। গতকাল শনিবার ঢাকায় বিসিএস আইসিটি ওয়ার্ল্ড ২০১০ উদ্বোধনের সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা বলেন। দেশে শিগগিরই চার হাজার ৫০০ ইউনিয়ন তথ্যকেন্দ্র চালুর কথা উল্লেখ করে তিনি মন্তব্য করেন, বাংলাদেশে ডিজিটাল বৈষম্য (ডিজিটাল) সৃষ্টি হওয়ার কোনো আশঙ্কাই নেই। ‘নতুন প্রজন্মের জন্য ডিজিটাল বাংলাদেশ’ নামের বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) আয়োজনে আগারগাঁওয়ে গতকাল থেকে শুরু হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) এ মেলা। বেলা ১১টায় ঢোল বাজিয়ে, রঙিন কাগজ ও ফুল ছিটিয়ে মেলার উদ্বোধন করা হয়। এরপর শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের বক্তৃতাপর্ব। অনুষ্ঠানের বিশেষ অতিথি বিজ্ঞান এবং আইসিটি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, মানুষের মানসিকতার পরিবর্তন ঘটালে সরকারের কাজে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানো যাবে। ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা গেলে মানুষের অর্থনৈতিক মুক্তি আসবে বলে তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানে বিসিএসের সভাপতি মোস্তাফা জব্বার স্বাগত বক্তৃতায় সরকারের কাজ করার বর্তমান পদ্ধতিকে ‘কাগজহীন’ অর্থাৎ ডিজিটাল করে তোলার আহ্বান জানান। মেলার প্লাটিনাম পৃষ্ঠপোষক ওয়াইম্যাক্স সংযোগদাতা কিউবির প্রধান নির্বাহী কর্মকর্তা জেরি মবস জানান, ২৯ অক্টোবর কিউবির ইন্টারনেট গ্রাহকসংখ্যা ২০ হাজার পূর্ণ হয়েছে। মেলার আহ্বায়ক মজিবুর রহমান অনুষ্ঠানে বক্তব্য দেন। উদ্বোধনের পর গতকাল দুপুর থেকে চার দিনের এ মেলা সবার জন্য খুলে দেওয়া হয়। প্রায় ৫০ হাজার বর্গফুটের মেলা প্রাঙ্গণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নানা ধরনের পণ্য দেখানো হচ্ছে। তবে এ মেলায় ডিজিটাল জীবনযাপনের বিষয়টি বেশি গুরুত্ব পেয়েছে। মেলায় ৬৯টি স্টল ও ২৬টি প্যাভিলিয়নে কম্পিউটার যন্ত্রাংশ, সফটওয়্যার, ইন্টারনেট পণ্য, তথ্যপ্রযুক্তি শিক্ষা ইত্যাদি দেখানো হচ্ছে। পুরো মেলা প্রাঙ্গণে দর্শকেরা ওয়াইম্যাক্স ইন্টারনেট ব্যবহার করতে পারছেন বিনা মূল্যে। শুধু পণ্য প্রদর্শনীই নয়, মেলায় আজ থেকে শুরু হচ্ছে আইসিটি নিয়ে নানা রকম সেমিনার। গতকাল বিকেলে রিশিত কম্পিউটার্সের সৌজন্যে হয়েছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। তিনটি বয়স গ্রুপ ও একটি প্রতিবন্ধী গ্রুপে শতাধিক শিশু এতে অংশ নেয়। বিসিএস আইসিটি ওয়ার্ল্ড ২০১০ চলবে আগামী ২ নভেম্বর পর্যন্ত। আজ মেলা খোলা থাকবে দুপুর ১২টা থেকে রাত নয়টা পর্যন্ত। অন্যান্য দিন সকাল ১০টায় খুলবে মেলা। মেলায় প্রবেশ টিকিট ২০ টাকা। তবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কোনো টিকিট লাগবে না। প্রবেশ টিকিটে প্রতিদিন র্যা ফল ড্র রয়েছে। মেলার অন্যান্য পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান হলো আসুস, স্যামসাং, ব্রাদার, মারকারি, মাইক্রোসফট, ইত্তেহাদ এয়ারলাইনস, নরটন, ইনডেক্স আইটি।