ঢাকায় শেলেটকের আবাসন মেলা আজ থেকে শুরু
দেশের আবাসন খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান শেলেটক্ আয়োজিত ১২ দিনব্যাপী ‘শেলেটক্ বসন্ত মেলা ২০১১’ শীর্ষক ফ্ল্যাট ও জমির মেলা আজ মঙ্গলবার শুরু হচ্ছে। রাজধানীর পান্থপথে শেলেটক্ টাওয়ারে এই মেলা অনুষ্ঠিত হবে।মেলার বিস্তারিত জানাতে গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। শেলেটক্ লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে মূল বক্তব্য দেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তৌফিক এম সেরাজ। এ সময় শেলেটকের পরিচালক (উন্নয়ন) তানভীর আহমেদ উপস্থিত ছিলেন।তৌফিক এম সেরাজ বলেন, শেলেটক্ ঢাকা শহরের প্রায় ১২০টির অধিক প্রকল্পে প্রায় আড়াই হাজার অ্যাপার্টমেন্ট সরবরাহ করেছে। বর্তমানে আরও ২৫টি প্রকল্পে ৮০০ অ্যাপার্টমেন্ট নির্মাণাধীন রয়েছে এবং আরও ৩০টি প্রকল্পের এক হাজার অ্যাপার্টমেন্ট নির্মাণের কাজ অচিরেই শুরু করবে। অনুষ্ঠানে জানানো হয়, মেলা চলাকালে শেলেটকের বিভিন্ন প্রকল্পে অ্যাপার্টমেন্ট ও জমি হ্রাসকৃত মূল্যে বিক্রয় করা হবে। মেলাটি প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকবে। চলবে ১২ মার্চ পর্যন্ত।