রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল সোমবার থেকে শুরু হয়েছে সাত দিনব্যাপী তৃতীয় এশীয় আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী। বিকেলে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) সভাপতি আফতাব-উল ইসলাম, গ্রিন ডেল্টা ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক নাসির এ চৌধুরী, রহিমআফরোজ ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাপনা পরিচালক মুদাসসির মঈন, রূপায়ণের উপদেষ্টা এ কে ফিরোজ আহমেদ এবং সেমসের ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন এন ইসলাম।পাশাপাশি সহযোগী প্রদর্শনী হিসেবে একই সঙ্গে একই স্থানে শুরু হয়েছে আবাসনশিল্প ও নির্মাণসামগ্রীর প্রদর্শনী কনেক্সপো। এটি কনেক্সপোর ১৩তম আয়োজন।সাতটি দেশের ১০০টির বেশি প্রতিষ্ঠান এই দুটি প্রদর্শনীতে অংশ নিচ্ছে বলে আয়োজকেরা জানিয়েছেন। প্রদর্শনী দুটির আয়োজন করেছে কনফারেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড (সেমস)। এশিয়ার বিভিন্ন দেশের বাণিজ্য, ভোগ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে ‘এশিয়ান বাণিজ্য মেলা-২০১০’ আয়োজন করা হচ্ছে। এ মেলার পৃষ্ঠপোষক রহিমআফরোজ। আর আবাসনশিল্প, নির্মাণসামগ্রী, নির্মাণ কৌশল ও যন্ত্রপাতি নিয়ে ‘কনেক্সপো’ আয়োজন করা হয়েছে। এ মেলার পৃষ্ঠপোষক রূপায়ণ গ্রুপ।এবারের মেলায় স্বাগতিক বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, ইরান, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও শ্রীলঙ্কার শতাধিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলায় ইলেকট্রনিকস, যোগাযোগপ্রযুক্তি, খাদ্য ও পানীয়, স্বাস্থ্যসেবা পণ্য, প্রসাধন সামগ্রী, ফ্যাশন ও আনুষঙ্গিক, কারু ও হস্তশিল্প, আবাসন প্রকল্প, নির্মাণসামগ্রী প্রভৃতি প্রদর্শন করা হবে। মেলায় মালয়েশিয়া ও পাকিস্তানি পণ্যের সম্পূর্ণ আলাদা প্যাভিলিয়ন থাকবে।আয়োজকেরা জানান, মেলায় প্রবেশমূল্য জনপ্রতি ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রবেশ টিকিটের নম্বরের ওপর ভিত্তি করে র্যাফল ড্র অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।