ঢাকায় সামান্য বাড়লেও চট্টগ্রামে সূচক কমেছে
সর্বকালের সর্বোচ্চ দরপতনের প্রাথমিক ধাক্কা সামলে উঠে গতকাল বুধবার টানা তৃতীয় দিনের মতো বেড়েছে ঢাকার শেয়ারবাজারের মূল্যসূচক। তবে তা সামান্য। আর কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক।আবার ঢাকায় সূচক সামান্য বাড়লেও কমেছে বেশির ভাগ শেয়ারের দাম। একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও। সব মিলিয়ে বাজারে শেয়ারের লেনদেনের মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে মাত্র তিন পয়েন্ট বেড়ে আট হাজার ১৭১ পয়েন্টে গিয়ে ঠেকেছে। আর সিএসইর মূল্যসূচক ২০০ পয়েন্ট কমে ২৩ হাজার ৪৩২ পয়েন্টে নেমে এসেছে। বাজার পরিস্থিতি: আগের দুই দিনের মতো গতকালও চাঙাভাবের মধ্য দিয়ে লেনদেন শুরু হয় ডিএসইতে। লেনদেনের প্রথম পাঁচ মিনিটের মাথায় সাধারণ সূচক নিম্নগামী হতে থাকে। সাড়ে ১১টার দিকে সূচক ১৫ পয়েন্ট নেমে যায়। এরপর আবার সূচকের ঊর্ধ্বগতি হয়, যা প্রায় বেলা একটা পর্যন্ত অব্যাহত থাকে। এরপর আবারও সূচকের নিম্নগামী প্রবণতা দেখা দেয়। দিন শেষে সাধারণ সূচক সামান্য বেড়ে লেনদেনের সমাপ্তি ঘটে। ডিএসইতে গতকাল ২৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১১৭টির, কমেছে ১২৬টির ও অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। মোট লেনদেনের পরিমাণ এক হাজার ৬২২ কোটি টাকা, যা গতকালের চেয়ে ৬১ কোটি টাকা কম। সিএসইতে লেনদেন হয়েছে ১৯৩টি কোম্পানির শেয়ার। এর মধ্যে দাম বেড়েছে ৮৪টির ও কমেছে ১০৯টির।