দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকগুলোর সংগঠন সিয়েনজার (সাউথ ইস্ট এশিয়া, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া) পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল রোববার ঢাকায় শুরু হয়েছে। সংগঠনটির বর্তমান চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী গতকাল এর উদ্বোধন করেন। বাংলাদেশসহ ১৪টি দেশের ৩৮ জন প্রশিক্ষণার্থী এই কর্মশালায় অংশ নিচ্ছেন। বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমেরিটাস পিটার সিনক্লেয়ার কর্মশালাটির সার্বিক পরিচালনা করছেন। ২৮ আগস্ট কর্মশালা শেষ হবে। উদ্বোধন অনুষ্ঠানে সুর চৌধুরী বলেন, কেন্দ্রীয় ব্যাংকগুলোর প্রথাগত তদারকি ব্যবস্থা পদ্ধতিগত ঝুঁকি এড়াতে কার্যকর থাকছে না। তদারকি ব্যবস্থায় তাই বিস্তৃতি আনা প্রয়োজন। সিয়েনজা সংগঠনটি ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ২০টি দেশের ২৪টি প্রতিষ্ঠান সংগঠনটির সদস্য হিসেবে এর সঙ্গে যুক্ত রয়েছে। বাংলাদেশ ব্যাংক ২০১৩-১৪ সাল মেয়াদে এই সংস্থাটির আয়োজক এবং নির্বাহী প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছে।