ঢাকায় হয়ে গেল আন্তর্জাতিক 'সেলসফোর্স' সম্মেলন

গ্রাহক ব্যবস্থাপনাবিষয়ক সলিউশন ‘সেলসফোর্স’ নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হলো প্রযুক্তি পেশাজীবীদের এক আন্তর্জাতিক সম্মেলন। যুক্তরাষ্ট্রভিত্তিক সেলসফোর্স মূলত গ্রাহক তথ্য ব্যবস্থাপনার জন্য সলিউশন তৈরি করে থাকে, যা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে সেবা গ্রহণকারীদের সময়ভিত্তিক তথ্য প্রদান করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ রোববার রাজধানীর গুলশানে সেলিব্রেশন পয়েন্টে ‘ঢাকা ড্রিমিন-২০১৯ ট্রেইলহেডএক্স’ শিরোনামে দিনব্যাপী সম্মেলনে ৫০ জন পেশাজীবী অংশগ্রহণ করেন। সম্মেলনের উদ্বোধন করেন সেলসফোর্স পরামর্শক এবং ইনোভিশিও ইঞ্জিনিয়ারিংয়ের প্রধান নির্বাহী ফাইজুল মান্নান।
প্রযুক্তি প্রতিষ্ঠান আরোল্য টেকের সহযোগিতায় সম্মেলনটির আয়োজন করে সেলসফোর্স পেশাজীবীদের সংগঠন ‘ঢাকা বাংলাদেশ ডেভেলপার্স গ্রুপ’। সম্মেলনে অংশগ্রহণকারীরা ‘সেলসফোর্স’ সেবা ব্যবহার বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পান বলে জানান আয়োজকেরা।
দিনব্যাপী সম্মেলনে সেলসফোর্স লাইটনিং ওয়েব কম্পোনেন্ট, সেলসফোর্স গভর্নর লিমিট এবং এর সীমাবদ্ধতা, অ্যাপেক্স ডিবাগিং, অ্যাপেক্স রিপ্লে ডিবাগার টু রেস্কিউ, আর্কিটেক্ট হওয়ার পদ্ধতি, কাস্টমার ৩৬০ প্ল্যাটফর্ম এবং ডেটা লেক, এক্সপেরিয়েন্স সেলসফোর্স এফএসসি, ডিজাইন থিঙ্কিং, অ্যাজাইল, সিক্রেট সস ফর সেলসফোর্স ইমপ্লিমেন্টেশন ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।
সম্মেলনে ভারত থেকে ইন্টারনেট মাধ্যমে যুক্ত হয়ে ‘এলডব্লিউসি এবং সেলসফোর্স ট্রেইলব্লেজার কমিউনিটি গ্রুপে নিযুক্তির কারণ ও পদ্ধতি’ সম্পর্কে উপস্থাপন করেন প্রযুক্তি বিশেষজ্ঞ ওম প্রকাশ। ‘ডিজাইন থিঙ্কিং, অ্যাজাইল: সিক্রেট সস ফর সেলসফোর্স ইমপ্লিমেন্টেশন’ শীর্ষক অধিবেশনে বিষয়ভিত্তিক ধারণা দেন ইন্দুত্তিভার সহপ্রতিষ্ঠাতা মোহাম্মাদ ইউসুফ দাউদ।
আরোল্য টেকের প্রধান সফটওয়্যার প্রকৌশলী মোহাম্মাদ জাকির হোসেনের অধিবেশনে ‘কাস্টমার ৩৬০ প্ল্যাটফর্ম এবং ডেটা লেক’ বিষয়ে আলোচনার পাশাপাশি সামাজিক কাজে সাংগঠনিক অংশগ্রহণের বিষয় তুলে ধরা হয়।
ঢাকা বাংলাদেশ ডেভেলপার্স গ্রুপের উদ্যোগে অনাথ শিশুদের মধ্যে বিদ্যানন্দ সংস্থার মাধ্যমে অনুদান প্রদান করা হয়। অনুদান হিসেবে শিশুদের জন্য ব্যাগ, বই ও অন্যান্য শিক্ষাসামগ্রী, টি-শার্ট, শীতকালীন প্রসাধনী দেওয়া হয়।
আয়োজক সংগঠনের প্রধান মোহাম্মাদ জাকির হোসেন বলেন, ‘আমরা শুধু প্রযুক্তির মধ্যে সীমাবদ্ধ না থেকে সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ হয়ে করপোরেট সোশ্যাল ওয়ার্কের অংশ হিসেবে এই অনুদানের ব্যবস্থা করেছি। আমরা কমিউনিটির পক্ষ থেকে এ ধরনের সামাজিক কাজে অংশগ্রহণ বাড়াতে চাই।’
অন্যের মধ্যে বক্তব্য দেন ইনোভিশিও ইঞ্জিনিয়ারিংয়ের কারিগরি বিভাগের প্রধান আরশাদ হোসেন, রেলিসোর্সের জ্যেষ্ঠ সফটওয়্যার প্রকৌশলী নুর আলম, অ্যাপ্লিকেশন আর্কিটেক্ট সাইফুল ইসলাম, ইন্ডিপেনডেন্ট কন্ট্রাক্টর আল-আমিন রুবেল।
যাঁরা সেলসফোর্সে কাজ করেন বা কাজ করতে আগ্রহী, তাঁরা নিচের লিংকে ক্লিক করে গ্রুপ এ অংশ নিতে পারেন
https://trailblazercommunitygroups.com/dhaka-bangladesh-developers-group/