ঢাকায় ১৫-১৬ ফেব্রুয়ারি উন্নয়ন ফোরামের বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী ইশতেহার, দ্বিতীয় দারিদ্র্য নিরসন কৌশলপত্র (পিআরএসপি), ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং প্রেক্ষিত-২০২১ বাস্তবায়নের লক্ষ্য নিয়ে ১৫ ও ১৬ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী ঢাকায় বসছে বাংলাদেশ উন্নয়ন ফোরামের (বিডিএফ) বৈঠক।রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র এবং সোনারগাঁও হোটেলে অনুষ্ঠেয় এ বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এত দিন বিশ্বব্যাংকের নেতৃত্বে উন্নয়ন সহযোগীদের এই বৈঠকটি হতো প্যারিসে। সে জন্য নামকরণ হয়েছিল প্যারিস বৈঠক। সর্বশেষ ২০০৫ সালে প্যারিসে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এবারের নেতৃত্বে রয়েছে ডিএফআইডি। উন্নয়ন সহযোগী বা দাতা সংস্থাগুলোর পাশাপাশি এবারের বৈঠকে বিশেষ আমন্ত্রণে যোগ দিচ্ছে চীন, ভারত, সৌদি আরব, কুয়েত, কোরিয়া, আবুধাবি প্রভৃতি দেশ।বৈঠকে প্রথম দিন তিনটি ও দ্বিতীয় দিন তিনটি করে মোট ছয়টি অধিবেশন থাকবে। উন্নয়ন কৌশল, সুশাসন এবং মানবসম্পদ উন্নয়নের ওপর অনুষ্ঠেয় প্রথম অধিবেশনে সব মন্ত্রণালয়ের সচিবেরা অংশ নেবেন। দিনের অন্য দুটি অধিবেশন হবে বিদ্যুত্ ও জ্বালানি এবং কৃষি, খাদ্যনিরাপত্তা ও পানিসম্পদের ওপর। দ্বিতীয় দিনের অধিবেশনগুলো হচ্ছে: পরিবেশ ও জলবায়ু পরিবর্তন; পরিবহন ও যোগাযোগ এবং ডিজিটাল বাংলাদেশ ও আইসিটি উন্নয়নের ওপর। অধিবেশনগুলোতে সভাপতিত্ব করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।বিডিএফের বৈঠকে বাংলাদেশ কী চায় বা উন্নয়ন সহযোগীদের কাছে কী বিষয়বস্তু এতে তুলে ধরা হবে, তার একটি খসড়া ইতিমধ্যে তৈরি করেছে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি)।গতকাল রোববার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে এই খসড়ার ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, অর্থসচিব মোহাম্মদ তারেক, শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমান, ডাক ও টেলিযোগাযোগ সচিব সুনীল কান্তি বোস, পরিকল্পনা কমিশনের সদস্য শামসুল আলম, প্রাথমিক শিক্ষাসচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান, স্বাস্থ্যসচিব শেখ আলতাফ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।এ বিষয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, ১৯৭৪ সালে শুরু হওয়া এ বৈঠকটির নাম ছিল এইড গ্রুপ। তবে এবারের বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে পাঁচ বছর পর। এতে দারিদ্র্য নিরসন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, এমডিজি অর্জনসহ অর্থনীতির সার্বিক পরিস্থিতি তুলে ধরা হবে। এতে উন্নয়ন সহযোগীসহ ভারত, চীনকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তারাও এখন উন্নয়ন সহযোগী। অর্থমন্ত্রী বলেন, বৈঠকে কোনো সাহায্য নয়, তবে নানা ধরনের সহযোগিতা চাওয়া হবে।বৈঠক সামনে রেখে তৈরি করা খসড়ায় বলা হয়েছে, ২০২১ সালের মধ্যে দারিদ্র্যের হার ১৫ শতাংশে ও বেকারত্বের হার ৪ শতাংশে নামিয়ে আনা, মাথাপিছু আয় এক হাজার ৮০০ ডলারে উন্নীত করা, ২০১৪ সালের মধ্যে নিরক্ষরতা দূর করা এবং টেকসই প্রবৃদ্ধি অর্জন, আয় বৈষম্য হ্রাসকরণ, সবার জন্য শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতের ব্যাপারে উন্নয়ন সহযোগীদের কাছে সহযোগিতা চাওয়া হবে।দেশের অর্থনীতির সূচক, এ যাবত্কালের অর্জন, আরও অর্জন সক্ষমতা, চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল এবং উন্নয়ন সহযোগীদের ভূমিকা নিয়ে বৈঠকে আলোচনা হবে। যোগাযোগ করলে পরিকল্পনা কমিশনের সদস্য শামসুল আলম প্রথম আলোকে বলেন, ‘দেশের সার্বিক উন্নয়নের জন্য নিজস্ব সম্পদ বাড়ানোর পাশাপাশি বিদেশি সাহায্যেরও প্রয়োজন রয়েছে। যেহেতু ২০২১ সাল পর্যন্ত উচ্চাভিলাষী প্রেক্ষিত পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, তাই এর বাস্তবায়নটাও করতে হবে।’শামসুল আলম আরও বলেন, জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জন, দারিদ্র্যের হার উল্লেখযোগ্য হারে কমিয়ে আনার ব্যাপারে সহযোগিতাসহ দাতাদের কাছে বাংলাদেশের মূল চাওয়া হলো শুল্কমুক্ত বাজারসুবিধা এবং সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই)।খসড়ায় বলা হয়েছে, বছর খানেক আগেও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য আকাশচুম্বী হয়ে গিয়েছিল। গণতন্ত্রের পথে এসে দ্রব্যমূল্য অনেকখানিই সহনশীল পর্যায়ে এসেছে। নির্বাচনী ইশতেহারে দিনবদলের যে ডাক দেওয়া হয়েছে, তার বিবরণ তুলে ধরা হবে বৈঠকে।বৈঠকে দাতাদের বলা হবে, বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি হবে দারিদ্র্যবান্ধব। জিডিপির প্রবৃদ্ধি চলতি অর্থবছরে ৬ শতাংশ, ২০১০-১১ অর্থবছরে ৬ দশমিক ৭ এবং ২০১১-১২ অর্থবছরে ৭ দশমিক ২ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করছে বাংলাদেশ। তবে বাস্তবায়নে উন্নয়ন সহযোগীদের ভূমিকা থাকতে হবে।এতে আরও বলা হয়, দেশের কর রাজস্ব অনুপাত খুবই নিম্ন। করের আওতা বাড়াতে হবে। বর্তমানের ১১ শতাংশ থেকে বাড়িয়ে কমপক্ষে তা ১৩ দশমিক ৬০ শতাংশে নিয়ে যেতে হবে। আর উন্নয়ন সহযোগীদের কাছ থেকে প্রতিবছর দুই থেকে আড়াই বিলিয়ন ডলার পাওয়া যায়। এই পরিমাণটাও তেমন কিছু নয়। সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) মাধ্যমে হলেও তাদের অঙ্কটা বাড়তে পারে।