ঢাকায় ৩ দিনব্যাপী থাই মেলা শুরু বৃহস্পতিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় তিন দিনব্যাপী থাই মেলা শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার। মেলায় অংশগ্রহণকারী থাই প্রতিষ্ঠানগুলো থাইল্যান্ডের শিক্ষা, স্বাস্থ্য, ভ্রমণ, খাদ্য ও বিনোদনসংশ্লিষ্ট পণ্য ও সেবা প্রদর্শন করবে। এতে ৫৪টি স্টল থাকবে। ‘ডেসটিনেশন থাইল্যান্ড ফেয়ার ইন বাংলাদেশ-২০১২’ শীর্ষক মেলাটি যৌথভাবে আয়োজন করছে থাই দূতাবাস, থাইল্যান্ডের পর্যটন কর্তৃপক্ষ, থাই এয়ারওয়েজ এবং ব্যাংকক এয়ারওয়েজ। রাজধানী বারিধারায় অবস্থিত থাই দূতাবাসে ‘থাই মেলা’ সবার জন্য উন্মুক্ত থাকবে। দূতাবাসে অনুষ্ঠিত গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন থাই রাষ্ট্রদূত মাদুরাপাচানা ইত্তারঙ, বাংলাদেশ থাইল্যান্ড চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এম এ মোমেন প্রমুখ। সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় আগত দর্শনার্থীরা ছাড়মূল্যে থাই পণ্য কিনতে পারবেন। এ ছাড়া উপভোগ করতে পারবেন থাই সাংস্কৃতিক অনুষ্ঠান, থাইল্যান্ডে উচ্চশিক্ষার জন্য পরামর্শ, থাই খাবারের স্বাদ ও বিনা মূল্যে ভিসা প্রসেসিংসহ নানা সুবিধা পাবেন দর্শনার্থীরা।এম এ মোমেন বলেন, বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যকার বাণিজ্য গত বছর ৪০ শতাংশ বেড়েছে। গত অর্থবছরের ১২০ কোটি ডলার থেকে বেড়ে এবার তা ১৫০ কোটি ডলারে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেন তিনি। থাই মেলা চলবে ১৪ জুলাই পর্যন্ত। সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত সর্বসাধারণের জন্য মেলা প্রাঙ্গণ উন্মুক্ত থাকবে।