ঢাকায় ৭-৯ এপ্রিল থাইপণ্য প্রদর্শনী
থাইল্যান্ডের রপ্তানি উন্নয়ন বিভাগ (ডিইপি) ও বাণিজ্য মন্ত্রণালয় যৌথ উদ্যোগে ৭ থেকে ৯ এপ্রিল ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক বাণিজ্য প্রদর্শনীর আয়োজন করবে।বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত তাসানাওয়াদি মিয়ানচারন ঢাকার একটি হোটেলে গত রোববার এক মিট দ্য প্রেস অনুষ্ঠানে ‘থাইল্যান্ড ট্রেড এক্সিবিশন ২০১১’ শীর্ষক এই প্রদর্শনী আয়োজনের তথ্য জানান। এ সময় থাই এয়ারওয়েজের মহাব্যবস্থাপক চ্যারোয়েনচাই ল্যাকসানাকর্ন, সোনারগাঁও হোটেলের মহাব্যবস্থাপক ই জে ম্যাক এয়োয়ান এবং বাংলাদেশ-থাই চেম্বারের সভাপতি এম এ মোমেন উপস্থিত ছিলেন।রাষ্ট্রদূত জানান, এ মেলায় থাইল্যান্ডের মোট ৪৭টি উৎপাদক ও রপ্তানিকারক প্রতিষ্ঠান অংশ নেবে। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো কৃষি, কেমিক্যাল, ইলেকট্রিক্যাল, খাদ্য ও কোমল পানীয়, গার্মেন্টস, ফ্যাশন, জুয়েলারি, গিফট অ্যান্ড ডেকোরেটিভ আইটেম, স্বাস্থ্য ও প্রসাধন, গৃহস্থালি ও রান্নাঘরে ব্যবহার্য পণ্য, চামড়া পণ্য, জুতা, মেশিনারিজ, প্লাস্টিক, স্টেশনারি প্রভৃতি সামগ্রী প্রদর্শন করবে।মেলাটির উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। এটি ৭ এপ্রিল সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত বাণিজ্যসম্পর্কীয় ব্যক্তিদের জন্য এবং ৮ ও ৯ এপ্রিল প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। বিজ্ঞপ্তি।