ঢাবির শিক্ষা পাঠ্যক্রমে সিএসআর অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায় সামাজিক (করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি বা সিএসআর) বিষয়ে সঠিক ধারণাসম্পন্ন মানবসম্পদ সৃষ্টির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে বিষয়টি অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের (এমআরডিআই) উদ্যোগের অংশ হিসেবে সিএসআর পাঠ্যক্রম প্রণয়নের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একটি বিশেষজ্ঞ দল গঠন করেছেন। এ কার্যক্রমটি এমআরডিআই ও মানুষের জন্য ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বাস্তবায়িত দারিদ্র্য বিমোচনে সিএসআর প্রয়াসেরই অংশ।এই দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য ও সমাজবিজ্ঞান অনুষদসমূহের শিক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্তির জন্য সিএসআর পাঠ্যক্রম প্রণয়ন করবে। এমআরডিআইর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।এ উপলক্ষে আয়োজিত এক সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘সিএসআর এখন একটি সামাজিক গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়েছে।’ স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে এ বিষয়ে পাঠদান করা উচিত বলে তিনি মত প্রকাশ করেন। করপোরেট খাতে সিএসআর ব্যবস্থাপকের অভাব মোচনে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান বলেন, দেশের করপোরেট হাউসগুলোতে সিএসআর কার্যক্রম পরিচালনার জন্য দক্ষ জনশক্তির অভাব রয়েছে। এ উদ্যোগের ফলে সিএসআরের সঠিক প্রয়োগ ও বাস্তবায়নের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।সভায় বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক জামাল উদ্দিন আহমেদ, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, একাত্তর টিভির পরিচালক (বার্তা) সৈয়দ ইশতিয়াক রেজা এবং এমআরডিআইয়ের উপদেষ্টা (পরিকল্পনা) মো. সাহিদ হোসেন উপস্থিত ছিলেন।