ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ও সামাজিক বিজ্ঞান অনুষদ এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) পাঠ্যসূচিতে শিগগির সামাজিক দায়িত্বশীলতা বা সিএসআরের ওপর কোর্স চালু হচ্ছে।ঢাকা বিশ্ববিদ্যালয় ও ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) যৌথভাবে এ কোর্সের রূপরেখা তৈরি করেছে, যা গতকাল বুধবার হস্তান্তর করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান ও আইবিএর অধ্যাপক সৈয়দ ফারহাত।এতে আরও উপস্থিত ছিলেন সিএসআর কোর্স ডেভেলপমেন্ট টিমের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বজলুল হক খোন্দকার, অধ্যাপক এম শাহ্জাহান মিনা, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, আইবিএর ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম এবং এমআরডিআইয়ের উপদেষ্টা মো. সাহিদ হোসেন, কর্মসূচি কর্মকর্তা আক্তারুন নাহার ও সহকারী সমন্বয়ক অপূর্ব সাহা। এমআরডিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।