>দেশে উৎপাদন না হওয়া পণ্যের ওপর থেকে সম্পূরক শুল্ক তুলে নেওয়ার সুপারিশ, সক্ষম শিল্পের ক্ষেত্রে হার কমানোর পরামর্শ
দেশে যেসব পণ্য উৎপাদিত হয় না, সেই সব পণ্য আমদানিতে সম্পূরক শুল্ক তুলে নেওয়ার সুপারিশ করেছে বাংলাদেশ ট্যারিফ কমিশন (বিটিসি)। এতে বাজারে এসব পণ্যের দাম কমবে বলে মনে করে বিটিসি।
এ ছাড়া সংস্থাটি বলেছে, যেসব পণ্য দেশে উৎপাদিত হয়, সেসব পণ্য আমদানিতে সম্পূরক শুল্ক তুলে নেওয়া হলে নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ করে সুরক্ষা দেওয়া দরকার। অবশ্য সংস্থাটি যেসব দেশীয় শিল্প খাত প্রতিযোগিতায় সক্ষমতা অর্জন করেছে, তাদের ক্ষেত্রে শুল্ক হার কিছুটা কমানোর সুপারিশ করেছে।
ট্যারিফ কমিশন বলছে, আঙুর, আপেল, নাশপাতি ইত্যাদি ফল দেশে উৎপাদিত হয় না। এসব ফলের ওপর থেকে এখনকার ২০ শতাংশ সম্পূরক শুল্ক তুলে নেওয়া হোক। অন্যদিকে আম দেশে উৎপাদিত হয়। তাই সম্পূরক শুল্ক তুলে নেওয়া হলেও নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ করে দেশি আমকে সুরক্ষা দেওয়ার সুপারিশ করেছে সংস্থাটি।
ট্যারিফ কমিশন বিভিন্ন পণ্যের আলাদা শুল্ক হার বিশ্লেষণ করে তৈরি করা সুপারিশ জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) পাঠিয়েছে। সংস্থাটি এ সুপারিশ তৈরিও করেছে এনবিআরে অনুষ্ঠিত একটি বৈঠকের পরিপ্রেক্ষিতে। কমিশনের সদস্য আবদুল কাইয়ুম প্রথম আলোকে বলেন, সম্পূরক শুল্ক দিয়ে দীর্ঘদিন সুরক্ষা দেওয়া যাবে না। এটা তুলে নিতে হবে। এরপর যদি দেখা যায়, দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখন অ্যান্টি-ডাম্পিংসহ অন্যান্য শুল্ক আরোপ করে সুরক্ষা দেওয়া যায়।
সরকার আগামী অর্থবছর থেকে নতুন মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ বাস্তবায়ন করবে। এতে মোটামুটি ১৭০টি পণ্যে রেখে বাকি প্রায় ১ হাজার ২০০ পণ্যে সম্পূরক শুল্ক তুলে নেওয়ার কথা বলা হয়েছিল। এতে কিছু শিল্প খাতের সুরক্ষা কমে যাবে বলে উদ্বেগ প্রকাশ করে ব্যবসায়ীদের সংগঠনগুলো। ব্যবসায়ীদের দাবি ও রাজস্ব আদায়ের স্বার্থে এনবিআর সম্পূরক শুল্কের ক্ষেত্রে আগের কাঠামো বজায় রাখতে যাচ্ছে বলে জানা গেছে। এতে আবার নাখোশ হয়েছে ভোক্তাদের সংগঠন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। সংগঠনটির সভাপতি গোলাম রহমান প্রথম আলোকে বলেন, এভাবে ঢালাও সম্পূরক শুল্কের কারণে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হবে। অযথা সম্পূরক শুল্ক ভোক্তার স্বার্থের পরিপন্থী।
অন্যদিকে বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, ‘ট্যারিফ কমিশনের সুপারিশ ঠিকই আছে। যেসব পণ্য দেশে উৎপাদিত হয় না, সেখানে সুরক্ষার প্রয়োজন নেই। আবার যে শিল্প যথেষ্ট ম্যাচিউরড (সক্ষম), সেখানে সম্পূরক শুল্ক কমিয়ে দিতে হবে।’ তিনি বলেন, উচ্চ শুল্কের কারণে পণ্যের দাম বেশি হলে মানুষ দেশের বাইরে গিয়ে সেগুলো কেনে। এতে সরকার রাজস্বও পায় না।
ট্যারিফ কমিশনের সুপারিশে লবঙ্গ, এলাচি, জিরার মতো মসলা, এক বছর পর্যন্ত বয়সী শিশুদের খাদ্য, জ্যাম-জেলি, ফলের রস, মিনারেল ওয়াটার, জ্বালানি তেল, গ্যাস ও পেট্রোলিয়াম পণ্য, শিশুর খাবার খাওয়ার বোতল বা ফিডার, রেজর, চার স্ট্রোকবিশিষ্ট অটোরিকশা ইত্যাদি কিছু পণ্যে সম্পূরক শুল্ক পুরোপুরি তুলে নেওয়ার কথা বলা হয়েছে।
সংস্থাটি যেসব পণ্যের ওপর শুল্ক কমাতে বলেছে, তার মধ্যে আছে বিস্কুট, চিপস, পেইন্ট বা রং, প্লাস্টিকের টিউব, পাইপ, প্লাস্টিকের স্যানিটারি ওয়্যার, বিভিন্ন তৈজসপত্র, মোটরগাড়ির টায়ার, টিস্যু, ব্লেড, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র, টেলিভিশন, বৈদ্যুতিক প্লাগ ও সকেট, বিযুক্ত মোটরসাইকেল, বাইসাইকেল ইত্যাদি।
ট্যারিফ কমিশনের সুপারিশে লবণের ওপর শুল্ক বাড়িয়ে আমদানি উন্মুক্ত করে দিতে বলা হয়েছে। বিভিন্ন প্রসাধনসামগ্রীকে বিলাসপণ্য হিসেবে উল্লেখ করে সম্পূরক শুল্ক বাড়াতে বলেছে কমিশন। তবে সাবান ও ডিটারজেন্টে শুল্ক হার বজায় রাখা বা নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ, বিভিন্ন ধরনের বস্ত্র, পোশাক ও পাদুকাশিল্পের সুরক্ষায় শুল্ককাঠামো একই রকম রাখা, সিরামিকের ক্ষেত্রে সম্পূরক শুল্ক কিছুটা কমিয়ে নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপের কথা বলা হয়েছে। একই কথা বলা হয়েছে কাচের ক্ষেত্রে।
তবে উচ্চ হারে শিল্পের সুরক্ষা অনির্দিষ্টকাল থাকা উচিত নয় বলে মনে করেন গোলাম রহমান। অন্যদিকে আহসান এইচ মনসুর মনে করেন, উচ্চ মাত্রায় সুরক্ষা দেশীয় শিল্পকে অদক্ষ করে রাখে এবং ভোক্তার কাছ থেকে উচ্চ মূল্য আদায়ের সুযোগ করে দেয়।