ঢালাওভাবে সম্পূরক শুল্ক বহাল
নতুন মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) আইন অপরিবর্তিত অবস্থায় বাস্তবায়িত হলে আপনি আপেল, নাশপাতি, আঙুর ইত্যাদি বিদেশি ফল আগের চেয়ে বেশ কম দামে কিনতে পারতেন। এসব ফল আমদানিতে সম্পূরক শুল্ক কমত ও দাম কমানোর সুযোগ তৈরি হতো। কিন্তু রাজস্ব আদায়ের জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ফলের মতো দেশে উৎপাদিত হয় না, এমন অনেক পণ্যে সম্পূরক শুল্ক রেখে দিয়েছেন। এতে দাম কমানোর সুযোগটি আর রইল না।
১৯৯১ সালের ভ্যাট আইনে আমদানি পর্যায়ে সর্বমোট ১ হাজার ৪৩১ ট্যারিফ লাইনের বিপরীতে বিভিন্ন হারে সম্পূরক শুল্ক আরোপিত ছিল। নতুন আইনে তা কমিয়ে ২৫৬টি ক্ষেত্রে সম্পূরক শুল্ক রাখা হয়েছিল। এতে কিছু দেশীয় শিল্পের সুরক্ষা কমার আশঙ্কা তৈরি হওয়ায় ব্যবসায়ীরা এ তালিকা বড় করার তাগিদ দেন। তবে সরকার তালিকা কিছুটা বড় করার বদলে এখনকার প্রায় সব পণ্যে সম্পূরক শুল্ক রেখে দিয়েছে।
ফলে নতুন আইন বাস্তবায়িত হলে দেশীয় শিল্পের সুরক্ষা কমে যাওয়ার যে আশঙ্কা করা হয়েছিল, তা একেবারেই দূর হলো। বরং বিভিন্ন খাতের ক্ষেত্রে সুরক্ষা আরও কিছুটা বেড়েছে। আর সব পণ্যে সম্পূরক শুল্ক দেওয়ার মাধ্যমে কৌশলে রাজস্ব আদায়ের পাকা ব্যবস্থাও করা হয়েছে।
নতুন সংশোধনীতে সম্পূরক শুল্কের স্তর ১১টির বদলে ৮টি করা হয়েছে, যা হবে ২৫, ৫০, ১০০, ১৫০, ২০০, ২৫০, ৩৫০ ও ৫০০ শতাংশ। এর ফলে যে পণ্যে ২০ শতাংশ সম্পূরক শুল্ক ছিল, তা ২৫ শতাংশ হয়েছে। অন্যান্য স্তরের এমন কিছু ঘটনা ঘটেছে। যেমন সাবান আমদানিতে ২০ শতাংশ সম্পূরক শুল্ক ছিল, নতুন আইনে তা ২৫ শতাংশ করা হয়েছে। আবার প্লাস্টিকের পাইপে ৩০ শতাংশ সম্পূরক শুল্ক ছিল, এখন তা ২৫ শতাংশ হবে।
২০১২ সালের ভ্যাট আইনে আমদানি পর্যায়ে কোন কোন পণ্যে সম্পূরক শুল্ক আরোপ হবে তা আলাদা করেছেন অর্থমন্ত্রী। আবার সরবরাহ পর্যায়ে কোন পণ্যে সম্পূরক শুল্ক বসবে তাও চিহ্নিত করে দিয়েছেন। এ তালিকায় নতুন যোগ হয়েছে পিৎজা, বার্গার জাতীয় ফাস্ট ফুড।
বাজেটের আগে বাংলাদেশ ট্যারিফ কমিশন (বিটিসি) যেসব পণ্য দেশে উৎপাদিত হয় না, সেসব পণ্য আমদানিতে সম্পূরক শুল্ক আইন তুলে নেওয়ার সুপারিশ করেছিল। অন্যদিকে পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) ও কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) দীর্ঘ মেয়াদে ও ঢালাওভাবে সম্পূরক শুল্ক আরোপের বিরোধিতা করেছিল।
বাজেট ঘোষণার পর ক্যাবের চেয়ারম্যান গোলাম রহমান প্রথম আলোকে বলেন, যেসব পণ্য দেশে উৎপাদিত হয় না এবং যেসব শিল্প দক্ষতা অর্জন করতে পারেনি, তাদের সুরক্ষা দিতে সম্পূরক শুল্ক আরোপ ভোক্তা স্বার্থের পরিপন্থী।