তথ্য অধিকার আইনে তথ্য পাওয়া যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন থেকে তথ্য অধিকার আইন ব্যবহার করে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা যাবে।
গতকাল বৃহস্পতিবার তথ্য না দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে তথ্য কমিশনের তিন সদস্যের একটি বিচারিক বেঞ্চ কলেজ কর্তৃপক্ষকে এই নির্দেশ দেন। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ এত দিন নিজেদের তথ্য অধিকার আইনের আওতাবহির্ভূত হিসেবে দাবি করে আসছিল।
এ বিষয়ে তথ্য কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইকবাল হোসেন নামের এক ব্যক্তি গত ৬ মার্চ কলেজের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আপিল কর্মকর্তার নাম জানতে চেয়ে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ বরাবর আবেদন করেন। কিন্তু এ বিষয়ে কোনো তথ্য না পেয়ে তিনি তথ্য কমিশনে অভিযোগ করেন।
তথ্য কমিশনের গতকালের শুনানিতে বলা হয়, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির একটি অঙ্গপ্রতিষ্ঠান। রেড ক্রিসেন্ট সোসাইটি তথ্য অধিকার আইনের আওতাভুক্ত হওয়ায় রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজও এই আইনের আওতাভুক্ত হবে।
এ জন্য আগামী সাত দিনের মধ্যে মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আপিল কর্মকর্তা নিয়োগ এবং তথ্য আইন অনুসারে আবেদনের ১৫ দিনের মধ্যে আবেদনকারীকে তথ্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়। শুনানিতে উপস্থিত ছিলেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক গোলাম রহমান, তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার ও অধ্যাপক খুরশীদা বেগম সাঈদ।