বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গতকাল বুধবার বিশ্ব পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। এবারের বিশ্ব পরিসংখ্যান দিবসের প্রতিপাদ্য বিষয় হলো, ‘ব্যবহারিক পরিসংখ্যানের বহুবিধ অর্জন’।দিবসটি উপলক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও দিনব্যাপী সেমিনারের আয়োজন করে। পরিসংখ্যান দিবসের কর্মসূচির উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার। রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ব্যুরোর মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পরিকল্পনামন্ত্রী বলেন, সরকার তথ্য-উপাত্তভিত্তিক নীতিনির্ধারণের ওপর গুরুত্ব দিচ্ছে। এর অংশ হিসেবে আগামী বছর দেশব্যাপী আদমশুমারি অনুষ্ঠিত হবে।পরিকল্পনামন্ত্রী আরও জানান, আগামী বছরের ১৫-১৯ মার্চ বাংলাদেশে যে আদমশুমারি অনুষ্ঠিত হবে তাকে সর্বস্তরে গ্রহণযোগ্য করার জন্য অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করা হবে। এ কে খন্দকার বলেন, প্রত্যেক গণনাকারীর এলাকা নিখুঁতভাবে চিহ্নিত করার জন্য ডিজিটাল ম্যাপ ব্যবহার করা হবে।মন্ত্রী জানান, ডিজিটাল বাংলাদেশ বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। আর এই লক্ষ্য বাস্তবায়নে সরকারের সব কর্মকাণ্ড কম্পিউটারভিত্তিক ডিজিটালে রূপদানের সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে।পরিকল্পনামন্ত্রীর মতে, জাতিসংঘ কর্তৃক এবারের বিশ্ব পরিসংখ্যান দিবসের প্রতিপাদ্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসন্ন আদমশুমারি ২০১১-এর আলোকে বাংলাদেশে দিবসটির গুরুত্ব অধিকতর তাৎপর্য বহন করে।বিবিএসের মহাপরিচালক শাহজাহান আলী মোল্লার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পরিসংখ্যান বিভাগের সচিব রীতি ইব্রাহীম, সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে পরিসংখ্যানকাজে অবদান রাখার জন্য পরিসংখ্যান বিভাগের সাবেক সচিব এ কে এম গোলাম রব্বানীকে সম্মাননা প্রদান করা হয়।রীতি ইব্রাহিম তাঁর বক্তৃতায় বলেন, সঠিক পরিকল্পনা প্রণয়ন একটি দেশের উন্নয়নের মূল চাবিকাঠি। উন্নত দেশগুলোয় সঠিক পরিসংখ্যান এবং পরিকল্পনা প্রণয়নে সঠিক পরিসংখ্যানের ব্যবহার নিশ্চিত করা হয়েছে। এ দেশের সরকারও বিষয়টির গুরুত্ব বিবেচনা করে বিবিএসকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানের পর বাংলাদেশে পরিসংখ্যান কার্যক্রমের ইতিহাস এবং কৃষিশুমারি নিয়ে দুটি সেমিনার অনুষ্ঠিত হয়।এর আগে সকালে পরিসংখ্যান ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।