তথ্য প্রমাণ করে না, বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ ভালো: মায়াদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত পিয়েরে মায়াদো বলেছেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশের অনেক সম্পদ রয়েছে—প্রায়ই এমন কথা বলা হয়। যেসব বিদেশি কোম্পানি ইতিমধ্যে বাংলাদেশে বিনিয়োগ রয়েছে, তারা আবারও বিনিয়োগ করছে। কিন্তু তথ্য-উপাত্ত এই সত্য সব সময় প্রমাণ করে না যে বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ ভালো। প্রকৃত নতুন বিদেশি বিনিয়োগে কেন এই দ্বৈতাবস্থা?
আজ বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ-ইইউ বিজনেস কাউন্সিলের প্রথম সভার উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের উদ্দেশে পিয়েরে মায়াদো এসব কথা বলেন। বাংলাদেশে ইইউভুক্ত আট দেশ, পাঁচ যৌথ চেম্বার ব্যবসায়ীসহ মোট ৩৬ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মায়াদো।
উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন।
পিয়েরো মায়াদো তাঁর লিখিত বক্তব্যে বাংলাদেশে কাঙ্ক্ষিত বিনিয়োগ না আসার পেছনে রাজনৈতিক অস্থিরতাকে দায়ী করেন। তিনি বলেন, এর আরও কারণ আছে, যেমন ক্রমবর্ধমান জঙ্গিবাদ বাংলাদেশে বহু ধরনের নৃশংসতা করছে,বিদেশিদেরও হত্যা করা হচ্ছে। এগুলোর কোনো ব্যাখ্যা নেই, বিচারও নেই। এ ছাড়া রয়েছে জ্বালানিঘাটতি ও অবকাঠামোগত সমস্যা। বিদেশিরা এসব কারণে বাংলাদেশে বিনিয়োগ নিয়ে আসতে দুবার চিন্তা করেন।
অনুষ্ঠানে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, ডেনমার্ক, সুইডেন, নেদারল্যান্ডস ও স্পেনের রাষ্ট্রদূতেরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর ‘বিজনেস ক্লাইমেট ডায়ালগ’ শিরোনামে আলোচনা হয়।