অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রয়োজনে দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের ওপর আরোপিত কর ছাড়ের আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।তথ্যমন্ত্রী বলেন, দেশে ইন্টারনেট ব্যবহারকে মৌলিক অধিকারের স্বীকৃতির পর্যায়ে নিয়ে যেতে হবে। সেটি করতে হলে ইন্টারনেট-সেবার ওপর আরোপিত ১৫ শতাংশ মূল্য সংযোজন কর বা মূসক প্রত্যাহার করতে হবে। সেই সঙ্গে মোবাইল সিমের ওপর থেকে ৬০০ টাকার কর প্রত্যাহার এবং মোবাইল ফোন সেটের ওপর আরোপিত কর ন্যূনতম ১০০ টাকায় নামিয়ে আনতে হবে।রাজধানীর সিরডাপ মিলনায়তনে গতকাল বুধবার এক জাতীয় সংলাপ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে তথ্যমন্ত্রী এই সুপারিশ করেন। ‘খসড়া জাতীয় টেলিযোগাযোগনীতি ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে টেকসই অর্থনৈতিক উন্নয়নের রোডম্যাপ বা পথনকশা’ শীর্ষক এই সংলাপের আয়োজন করে গবেষণা সংস্থা বাংলাদেশ উন্নয়ন পরিষদ (বিইউপি)। বিইউপির চেয়ারম্যান এম এ জলিলের সভাপতিত্বে সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী শরীফ ভূঁইয়া। এতে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগসচিব আবু বকর সিদ্দিক, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান সুনীল কান্তি বোস, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ।মূল প্রবন্ধে বলা হয়, বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ এবং দেশীয় ব্যক্তিগত বিনিয়োগের জন্য এখন টেলিযোগাযোগ খুবই আকর্ষণীয় একটি খাত। টেলিযোগাযোগনীতি চূড়ান্ত করার আগে সংশ্লিষ্ট সবার মতামত নেওয়ার বিষয়েও প্রবন্ধে গুরুত্বারোপ করা হয়।ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী জানান, খসড়া জাতীয় টেলিযোগাযোগনীতিটি এই খাতের বিশেষজ্ঞদের মতামতের জন্য ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সবার মতামতের ভিত্তিতে কার্যকর একটি নীতিমালা প্রণয়ন করা হবে।সাহারা খাতুন আরও বলেন, বর্তমান সরকার কৃষি, তথ্য ও স্বাস্থ্যসেবার মতো সাত শতাধিক সেবা প্রদানের কর্মসূচি হাতে নিয়েছে। সেই সঙ্গে ভিএসপি সনদ প্রদানের প্রক্রিয়া চলছে এবং মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের উদ্যোগ নেওয়া হয়েছে।হাসানুল হক ইনু বলেন, করের হার কমিয়ে দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতে আরও বিনিয়োগ বাড়ানোর সুযোগ করে দেওয়া হলে এর মাধ্যমে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) বাড়তি ১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হতো। তিনি আরও বলেন, দেশে ইন্টারনেট-সুবিধা বাড়ানোর পাশাপাশি এর বিষয়বস্তুর সম্ভার (কনটেন্ট) বাড়াতে হবে, সরকারি কার্যালয়গুলোতে অবশ্যই বাংলা ওয়েবসাইট চালু করতে হবে।