তথ্যপ্রযুক্তি খাত কর সুবিধা চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

গ্রাহক পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের ওপর থেকে মূল্য সংযোজন কর (মূসক) প্রত্যাহারের দাবি জানিয়েছে দেশে ইন্টারনেট সেবা প্রদানকারী সমিতি (আইএসপিএ)।
আর তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ই-কমার্স ব্যবসায় কর অবকাশ সুবিধা প্রদান, খুচরা বিক্রির ওপর মূসক প্রত্যাহার ও সফটওয়্যার আমদানিতে শুল্ক বৃদ্ধির প্রস্তাব করেছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চলমান প্রাক্-বাজেট আলোচনা সভায় গতকাল শনিবার এ দুটি সমিতির নেতারা এসব দাবি জানান। এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে সংস্থার সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ দিন আরও কয়েকটি সংগঠনের সঙ্গে বাজেট বিষয়ে আলোচনা হয় এনবিআরের।
মুঠোফোন: মোবাইল ফোনসেট ব্যবসায়ী সমিতির সভাপতি নিজাম উদ্দিন বলেন, চাহিদার মোট ৩০ শতাংশ মুঠোফোন অবৈধভাবে আমদানি হচ্ছে। এতে সরকার রাজস্ব হারাচ্ছে। মুঠোফোন আমদানিতে শুল্ক ফাঁকি বন্ধে সেটপ্রতি এক শ থেকে দেড় শ টাকা শুল্ক আরোপের প্রস্তাব দেন তিনি।
মোবাইল ফোনসেট আমদানিকারক সমিতির প্রতিনিধি মেজবাহ উদ্দিন জানান, ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে ৯৬ শতাংশই মুঠোফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে থাকেন। অথচ মুঠোফোন এবং এর আনুষঙ্গিক সামগ্রীর ওপর শুল্ককর ২১ দশমিক ৭৫ শতাংশ। অন্যদিকে কম্পিউটার পণ্যের ওপর এই হার সাড়ে ৬ শতাংশ। সে জন্য তিনি মুঠোফোন ও এর আনুষঙ্গিক পণ্যের করের হার যৌক্তিক করা এবং সারচার্জ বাতিলের প্রস্তাব দেন।
আইএসপিএ: গ্রাহক পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের ওপর থেকে মূসক প্রত্যাহারের প্রস্তাব করেন ইন্টারনেট সেবা প্রদানকারী সমিতির সভাপতি আমিরুল হাকিম। বর্তমানে ইন্টারনেট সেবায় ১৫ শতাংশ হারে মূসক আরোপ রয়েছে।
বেসিস: ই-কমার্স ব্যবসাকে তিন-পাঁচ বছরের জন্য কর অব্যাহতি প্রদান, খুচরা বিক্রির ওপর থেকে মূসক প্রত্যাহার, বিদেশি সফটওয়্যার আমদানির ওপর শুল্ক বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন বেসিস মহাসচিব উত্তম কুমার পাল।
বাংলাদেশ চা সংসদ: চা আমদানির ওপর শুল্ক বৃদ্ধির সুপারিশ করেছে বাংলাদেশ চা সংসদ। সমিতির চেয়ারম্যান আরদাসীর কবির বলেন, চা আমদানির ওপর ১১০ শতাংশ শুল্ক আরোপ করেছে পাশের দেশ ভারত। অথচ বাংলাদেশে এই হার ৮৪ শতাংশ। এতে নিম্নমানের চা আমদানি হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশি চায়ের চাহিদা থাকা সত্ত্বেও উচ্চ শুল্কের কারণে রপ্তানি সম্ভব হচ্ছে না।
আরদাসীর কবিরের মতে, চায়ের উৎপাদন ব্যয় ১৮৭ থেকে ২০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কম শুল্কের সুবিধা নিয়ে চা আমদানি অব্যাহত থাকলে এই শিল্প ধ্বংসের মুখে পড়বে। তাই চা আমদানির ওপর যৌক্তিক হারে শুল্ক বৃদ্ধির প্রস্তাব দেন তিনি।
বারভিডা: বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) সভাপতি হামিদ শরীফ রিকন্ডিশন্ড গাড়ি আমদানির ক্ষেত্রে ১ বছর পর্যন্ত ২৫, এক–দুই বছর পর্যন্ত ৩৫, দু-তিন বছর পর্যন্ত ৪৫, তিন-চার বছর পর্যন্ত ৫০ এবং চার-পাঁচ বছর পর্যন্ত ৫৫ শতাংশ অবচয় হার নির্ধারণের সুপারিশ করেছে।