তথ্যপ্রযুক্তি খাতে ৩ হাজার কোটি টাকা ঋণ দেবে চীন
তথ্যপ্রযুক্তি খাতের দুটি প্রকল্পে ৩ হাজার কোটি টাকার বেশি ঋণ দেবে চীন। এই প্রকল্প দুটি হলো বাংলাদেশ সরকারের আইসিটি অবকাঠামো উন্নয়ন (ইনফো সরকার-৩) এবং ডিজিটাল যোগাযোগের জন্য টেলিযোগাযোগ আধুনিক করা।
গতকাল রোববার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও চীন সরকারের মধ্যে এ-সংক্রান্ত কাঠামো চুক্তি স্বাক্ষরিত হয়। ইআরডিসচিব কাজী সফিকুল আযম ও চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন। শেরেবাংলা নগরের ইআরডি সম্মেলনকক্ষে আয়োজিত এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইনফো সরকার-৩ প্রকল্পে চীন দেবে ১ হাজার ২৫২ কোটি ৪৮ লাখ টাকা। আর ডিজিটাল যোগাযোগের জন্য টেলিযোগাযোগ আধুনিক করার প্রকল্পে দেবে ১ হাজার ৮১৭ কোটি ২৭ লাখ টাকা। এই দুটি ঋণের বার্ষিক সুদের হার ২ শতাংশ এবং ৫ বছর গ্রেস পিরিয়ডসহ ২০ বছরে ঋণ পরিশোধ করতে হবে। চীনের এক্সিম ব্যাংক থেকে এই ঋণ পাওয়া যাবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রোহিঙ্গা ইস্যু নিয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে চীনা রাষ্ট্রদূত মা মিংকিয়াং বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সহিংস ঘটনার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। রোহিঙ্গারা বাংলাদেশে আসা শুরু করেছে। দুঃখজনক হলেও বাংলাদেশ এতে সমস্যায় পড়েছে। তেমনি চীনও সমস্যায় পড়ছে। কেননা মিয়ানমারে চীনের বিনিয়োগ আছে। শিগগিরই এই পরিস্থিতির অবসান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।