ব্যাংকের দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় তথ্যপ্রযুক্তির (আইটি) ব্যবহার ক্রমেই বাড়ছে। কিন্তু আইটিতে কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে ব্যাংকগুলো এখনো যথেষ্ট বিনিয়োগ করছে না। বর্তমানে ব্যাংকের আইটি খাতে বছরে যত খরচ হয়, তার ৩ শতাংশের বেশি খরচ হয় কর্মীদের প্রশিক্ষণে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) ব্যাংক খাতের আইটি কার্যক্রমবিষয়ক এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
রাজধানীর মিরপুরে গতকাল বৃহস্পতিবার বিআইবিএম মিলনায়তনে এক কর্মশালায় এই গবেষণার বিভিন্ন দিক তুলে ধরা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান। যৌথভাবে এই গবেষণা করেছেন বিআইবিএমের সহযোগী অধ্যাপক শিহাব উদ্দিন খান, মাহবুবুর রহমান আলম, কানিজ রাব্বি ও ডাচ্-বাংলা ব্যাংকের আইটি বিভাগের প্রধান মো. এমদাদুল হক খান।
কর্মশালায় গবেষণার বিভিন্ন দিক তুলে ধরে বলা হয়, ২০১৬ সালে দেশের সব ব্যাংক আইটি খাতে খরচ করেছে ১ হাজার ৭৯৩ কোটি টাকা। এর মধ্যে আইটিবিষয়ক প্রশিক্ষণে খরচ করা হয়েছে প্রায় ৬০ কোটি টাকা, যা এ খাতে মোট বিনিয়োগের ৩ দশমিক ৩ শতাংশ। আইটি প্রশিক্ষণে এ ব্যয় নিয়ে ৬২ শতাংশ ব্যাংকের প্রধান কারিগরি কর্মকর্তা (সিটিও) অসন্তোষের কথা জানিয়েছেন। সিটিওরা মনে করেন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) এখন প্রতিনিয়ত পরিবর্তনশীল। আইটি কার্যক্রমে কর্মীদের নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা না করলে তা ব্যাংকের জন্য সাইবার আক্রমণের ঝুঁকি বাড়ায়। আইটিবিষয়ক সুশাসন, প্রকল্প বাস্তবায়ন, তথ্যভান্ডার ব্যবস্থাপনা, নিরীক্ষা, সাইবার নিরাপত্তার মতো বিষয়ে কর্মীদের প্রশিক্ষণে বরাদ্দ বাড়ানোর সুপারিশ করা হয়েছে গবেষণায়।
গবেষণার তথ্য অনুযায়ী, সব ব্যাংকের অনলাইন তথ্যভান্ডার বা ডেটা সেন্টার ঢাকায় অবস্থিত। একইভাবে বিকল্প ডেটা সেন্টারগুলোও ঢাকায় অবস্থিত। এটি ব্যাংকের সাইবার নিরাপত্তার জন্য খুব ঝুঁকিপূর্ণ উল্লেখ করে বলা হয়েছে, ভূমিকম্পের দুর্যোগকালীন এতে তথ্য উদ্ধারের সম্ভাবনা কমে যায়। বাংলাদেশ ব্যাংক যে পদ্ধতিতে বর্তমানে ব্যাংকের আইটি নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করে, সেটির সমালোচনা করা হয়েছে প্রতিবেদনে।
ব্যাংক খাতের সাইবার নিরাপত্তায় বাংলাদেশ ব্যাংকের ভূমিকা সম্পর্কে গবেষণায় বলা হয়েছে, আইটিবিষয়ক তথ্য-উপাত্ত বিভিন্ন ব্যাংকের মধ্যে বিনিময়ে একটি তথ্যভান্ডার তৈরির উদ্যোগ নিতে পারে কেন্দ্রীয় ব্যাংক। এই তথ্যভান্ডারে সব ব্যাংকের জন্য আইটি নিরীক্ষা ও নিরাপত্তা মোকাবিলায় বিভিন্ন হালনাগাদ তথ্য থাকবে। ৯১ শতাংশ ব্যাংকের আইটি প্রধান কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগে এমন একটি তথ্যভান্ডার তৈরির বিষয়ে সহমত জানিয়েছেন।
ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান বলেন, গবেষণার তথ্য অনুসারে ৮৮ শতাংশ ব্যাংকের কার্যক্রম এখন অনলাইননির্ভর। এরপরও আইটিতে কিছু ব্যাংক প্রত্যাশিত অগ্রগতি অর্জন করতে পারেনি। এই সমস্যা সমাধানে ব্যাংকগুলোর মুনাফার একটি অংশ আইটিতে অবশ্যই বিনিয়োগ করা উচিত।
বাংলাদেশ ব্যাংকের ইনফরমেশন সিস্টেমস ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক দেবদুলাল রায় বলেন, দেশীয় সফটওয়্যার ব্যবহার না করে ব্যাংকগুলো অহেতুক বিদেশি সফটওয়্যারের দিকে ঝুঁকছে। ব্যাংকের অর্থে অহেতুক বিদেশ ভ্রমণ কিংবা অন্য কোনো লাভের আশায় ব্যাংকের কিছু কর্মকর্তা এ কাজ করছেন। আইটিতে দক্ষতা বাড়াতে মানবসম্পদের প্রশিক্ষণের ওপর বেশি গুরুত্ব আরোপ করেন তিনি।
কর্মশালায় আরও বক্তব্য দেন সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এস এম মঈন উদ্দিন চৌধুরী, পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী প্রমুখ।