>

মাহবুবুর রহমান আলম, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সহযোগী অধ্যাপক। ব্যাংক খাতের তথ্যপ্রযুক্তিবিষয়ক পাঠদান ও গবেষণার সঙ্গে যুক্ত তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান ও অর্থনীতি বিষয়ের ওপর স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভের পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে তথ্যপ্রযুক্তি বিষয়ে উচ্চতর ডিগ্রি নিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরি, ব্যাংক খাতের তথ্যপ্রযুক্তির ঝুঁকিসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে। সাক্ষাৎকারটি নিয়েছেন শওকত হোসেন
প্রথম আলো: আমাদের ব্যাংক খাতে তথ্যপ্রযুক্তি (আইটি) ব্যবহারের শুরুটা কবে থেকে? এখন সেটি কী অবস্থায় পৌঁছেছে বলে মনে করেন।
মাহবুবুর রহমান আলম: বাংলাদেশে ব্যাংকিং খাতে তথ্যপ্রযুক্তির (আইটি) ব্যবহার শুরু নব্বইয়ের দশকে। তখন অবশ্য প্রযুক্তি এত ভালো ছিল না, অর্থও ছিল না। ছোট ছোট সফটওয়্যার ব্যবহার করা হতো। কেন্দ্রীয়ভাবে তথ্যপ্রযুক্তি বা আইটির ব্যবহার বেশি ছিল না। ব্যাংকিং খাতে আইটির বড় ধরনের ব্যবহার শুরু হয়েছে মূলত আতিউর রহমানের সময়ে। এই সময়ে প্রযুক্তিতে বিপুল বিনিয়োগ হয়েছে। আমরা একটি হিসাব করে দেখেছি, ২০১৫ সাল পর্যন্ত প্রায় ৩০ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে প্রযুক্তিতে। প্রায় পাঁচ হাজার আইটি পেশাজীবী রয়েছেন এই খাতে। ২০০৭ সালে ৩৭ শতাংশ ব্যাংক শাখা ছিল স্বয়ংক্রিয় পদ্ধতির আওতায় বা অটোমেটেড। এখন ৯০ শতাংশ শাখা অটোমেটেড। ডাচ্-বাংলা, ব্র্যাক ব্যাংকসহ এমন কিছু ব্যাংক এখানে আছে, যাদের আইটি উৎকর্ষ আন্তর্জাতিক মানের।
প্রথম আলো: আইটির ব্যবহার যতটা বেড়েছে, তার সঙ্গে সংশ্লিষ্ট অন্য অনুষঙ্গগুলো কি সেভাবে এগিয়েছে?
মাহবুবুর রহমান: আইটির ব্যবহারের দিক থেকে আমরা যতটা এগিয়েছি, তার সঙ্গে সংশ্লিষ্ট অন্য বিষয়গুলো সেভাবে এগোয়নি। আমাদের ব্যাংক খাতে এখন আইটির ক্ষেত্রে বড় সমস্যা, অভিজ্ঞ ও দক্ষ লোকের অভাব। পাশাপাশি সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে। আইটি কিন্তু একধরনের প্রকৌশলবিদ্যা ও বিজ্ঞানের ঘনিষ্ঠ বিষয়। অথচ আমরা দেখছি, ব্যাংকগুলোয় যাঁরা আইটি খাত পরিচালনার দায়িত্বে রয়েছেন, তাঁরা বাণিজ্য বিভাগের লোক। শুরুতে যখন আইটির লোকজন পাওয়া যেত না, তখনকার জন্য এ ব্যবস্থাটি মেনে নেওয়া যায়। এখন কিন্তু আগের সেই অবস্থা নেই। এ খাতে আমাদের অনেক দক্ষ লোক তৈরি হয়ে গেছে। তাই এখন ব্যাংক খাতের আইটির দায়িত্ব এ বিষয়ের সঙ্গে সংশ্লিষ্টদের ওপর ছেড়ে দেওয়া উচিত।

প্রথম আলো: ব্যাংক খাতের সাম্প্রতিক কিছু ঘটনায় আইটি নিরাপত্তা মারাত্মকভাবে ঝুঁকির মুখে পড়েছে। প্রযুক্তির কল্যাণে লেনদেনকে সহজ করতে গিয়ে কি বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়ে গেলাম আমরা?
মাহবুবুর রহমান: প্রযুক্তির কিছু ঝুঁকি সব সময় থাকবে। প্রতিনিয়ত প্রযুক্তি বদলাচ্ছে বিশ্বজুড়ে। তাই ঝুঁকি মোকাবিলা করতে হলে পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। একটা সময় ছিল আইটির জন্য নিরাপত্তা শাখা বলতে কিছুই ছিল না। ব্যাংকগুলো এই দিকটায় খুব উদাসীন ছিল। আমাদের কাছে সর্বশেষ ২০১৪ সালের যে গবেষণা প্রতিবেদন রয়েছে, তার তথ্য অনুযায়ী, ২০১১ সালে আইটি নিরাপত্তায় মাত্র শূন্য দশমিক ৯ শতাংশ বিনিয়োগ করা হয়। নানা সচেতনতামূলক কার্যক্রমের পর ২০১৪ সালে এসে এ খাতে বরাদ্দ বেড়ে ৪ শতাংশে উন্নীত হয়েছে। অর্থাৎ, ব্যাংক খাতে মোট যে ব্যয়, তার মাত্র ৪ শতাংশ খরচ করা হয় আইটি নিরাপত্তায়। আইটি প্রশিক্ষণে খরচ করা হয়েছে ২ শতাংশের কম অর্থ। আর আইটি নিরীক্ষার মতো গুরুত্বপূর্ণ একটি খাতে খরচ করা হয়েছে ১ শতাংশ। তাও আইটির নিরীক্ষা করানো হয় তথ্যপ্রযুক্তির সঙ্গে যুক্ত নন এমন লোকজন দিয়ে। ফলে যেটা হচ্ছে, তাতে সামগ্রিকভাবে প্রযুক্তির ত্রুটিগুলো ধরা পড়ছে না। এতে তথ্যপ্রযুক্তি নিরাপত্তায় একটি বড় শূন্যতা তৈরি হচ্ছে।
প্রথম আলো: এর বাইরে নিরাপত্তার ক্ষেত্রে বড় সমস্যা আর কী কী?
মাহবুবুর রহমান: ব্যাংক খাতে তথ্যপ্রযুক্তির বড় সমস্যা হচ্ছে, সঠিক লোকটি সঠিক জায়গার দায়িত্বে নেই। যাঁরা ব্যাংকগুলোর তথ্যপ্রযুক্তি ব্যবস্থাপনার সঙ্গে রয়েছেন, তাঁরা আমাদের সব সময় বলেন, তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে যে লোকটির যে পদে বা দায়িত্বে থাকা উচিত, সেই লোকটি সেই দায়িত্বে নেই। আইটির প্রধান হিসেবে যাঁরা আছেন, তাঁদের প্রত্যেকেরই একটি সমন্বিত অভিযোগ হলো—লোকবল কম। আমরা যখন গবেষণাটি করেছি, তখন ৬৩ শতাংশ ব্যাংক আমাদের জানিয়েছে তাদের বিশেষজ্ঞ ঘাটতির কথা। যেখানে ১০০ লোক দরকার, সেখানে আছে ৫০ জন। এ কারণে যাঁরা আছেন, তাঁদের ওপর কাজের বোঝা বেড়ে যাচ্ছে। এ জন্য শেষে গিয়ে দেখা যাচ্ছে উৎপাদনশীলতা কমছে, কাজের ভুল বাড়ছে। কয়েক বছর আগে আমরা একটি গবেষণা করে দেখেছি, ব্যাংকে তথ্যপ্রযুক্তি খাতে যতগুলো ভুল হচ্ছে, তার ৬৪ শতাংশই আইটির লোকজন করছে। এ ছাড়া বড় আরেকটি ঘাটতির জায়গা হচ্ছে সমসাময়িক বা হালনাগাদ তথ্যপ্রযুক্তি সম্পর্কে ধারণা না থাকা। কয়েক বছর আগে আমাদের এক গবেষণায় প্রায় ৮০ শতাংশ ব্যাংক বলেছিল, তাদের তথ্যপ্রযুক্তি খাতে ঝুঁকি খুব বেশি।
প্রথম আলো: ব্যাংক খাতের জন্য তো এখন সাইবার ঝুঁকিকে ভূমিকম্পের সঙ্গে তুলনা করা হচ্ছে। সেটি থেকে পরিত্রাণের উপায় কী এখন?
মাহবুবুর রহমান: সাম্প্রতিক কিছু ঘটনার কারণে সাইবার ঝুঁকির বিষয়টি সামনে এসেছে। এটি তথ্যপ্রযুক্তি দুর্বলতার একটি দিক মাত্র। এর বাইরে ডেটা সেন্টার বা তথ্যভান্ডারের একটি বড় ঝুঁকি রয়ে গেছে। যদি তথ্যভান্ডার ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কিন্তু একটি ব্যাংকের সব শেষ। দেশে যেভাবে দ্রুত হারে মোবাইল ব্যাংকিং সেবা বাড়ছে, তাতে সেটি আগামীর জন্য বড় মাথাব্যথার কারণ। সামগ্রিকভাবে ব্যাংকের আইটি খাতে বর্তমানে চারটি প্রধান প্রতিবন্ধকতা রয়েছে। প্রথমত, সঠিক জায়গায় সঠিক লোকের অভাব; দ্বিতীয়ত, প্রয়োজনীয় বাজেটের অভাব; তৃতীয়ত, তথ্যপ্রযুক্তি খাতের নিরীক্ষাব্যবস্থার দুর্বলতা এবং শেষটি হলো ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে আইটি কর্মকর্তাদের দেনদরবার।
প্রথম আলো: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির বিষয়টি কি তাহলে আইটি দুর্বলতার ফল?
মাহবুবুর রহমান: দেখুন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনাটি কীভাবে ঘটেছে তা এখনো আমরা নিশ্চিতভাবে তথ্যভিত্তিক জানি না। এখানে অনেক পক্ষ জড়িত। তাই তদন্তের আগে এ ধরনের ঘটনার সঠিক কারণ বলা মুশকিল। তবে সারা পৃথিবীতে এখন যাকেই জিজ্ঞেস করবেন, সে-ই বলবে, ভেতরের লোক জড়িত না থাকলে এ ধরনের ঘটনা ঘটানো সম্ভব নয়। তাই এখানে বাংলাদেশ ব্যাংককেই সবার আগে প্রমাণ করতে হবে তাদের লোক এ ঘটনায় জড়িত নয়। তবে আমি মনে করি, সামগ্রিকভাবে দেশের ব্যাংক খাতে তথ্যপ্রযুক্তিভিত্তিক যে ঝুঁকি তৈরি হয়েছে, সেগুলো পর্যালোচনার জন্য একটি জাতীয় কমিটি করা উচিত। পাশাপাশি, সময় এসেছে সব কটি ব্যাংকে বিজনেস ইন্টেলিজেন্ট সফটওয়্যার চালু করার। এ ধরনের সফটওয়্যার জালিয়াতি কমাতে সহায়তা করে। যদিও সফটওয়্যারটি খুবই দামি।